ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আজ বুধবার ৫০ কিলোমিটার এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে দুর্ভোগ পোহাচ্ছেন যাত্রীরা। 
কুমিল্লা সদর উপজেলার আলেখারচর বিশ্বরোড এলাকা থেকে দাউদকান্দি উপজেলার আমিরাবাদ পর্যন্ত এই যানজট রয়েছে। যানজট এলাকার দূরত্ব প্রায় ৫০ কিলোমিটার।
হাইওয়ে পুলিশ ও যাত্রীরা জানান, গতকাল মঙ্গলবার দিবাগত রাত সোয়া তিনটার দিকে চান্দিনা উপজেলার হাড়িখোলা পালকী সিনেমা হলের সামনে যাত্রীবাহী একটি বাস ও দুটি কাভার্ড ভ্যানের ত্রিমুখী সংঘর্ষ হয়। এরপর যানজট তীব্র আকার ধারণ করে তা ছড়িয়ে পড়ে।
ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশের দায়িত্বপ্রাপ্ত (ইনচার্জ) সার্জেন্ট মো. আর্শাদ বলেন, দুর্ঘটনাকবলিত বাস ও কাভার্ড ভ্যান দুটি এক ঘণ্টার মধ্যে অন্যত্র সরিয়ে নেওয়া হয়। কিন্তু ঈদ সামনে রেখে যানবাহনের চাপ বেশি থাকায় যানজটের সৃষ্টি হয়েছে।
দাউদকান্দি হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) নূরুল্লাহ পাটোয়ারী বলেন, রাতে অনেক চালক মহাসড়কে গাড়ি রেখে ঘুমিয়ে পড়েন। ঈদ সামনে রেখে যানবাহনের চাপ বেড়েছে। কয়েক দিনের টানা বৃষ্টিতে দাউদকান্দির আমিরাবাদ, হরিপুর ও জিংলাতলীতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গর্ত সৃষ্টি হয়েছে। এসব জায়গা দিয়ে ধীরগতিতে যানবাহন চলাচল করায় যানজট তীব্র আকার ধারণ করেছে।
দীর্ঘ সময় যানজটে আটকা পড়ে ঈদে ঘরমুখী যাত্রীরা দুর্ভোগ পোহাচ্ছেন। বিপাকে পড়েছেন গরু ব্যবসায়ীরা। সময়মতো তাঁরা গন্তব্যে পৌঁছাতে পারছেন না।
চট্টগ্রাম থেকে ঢাকাগামী রয়েল পরিবহনের বাসের চালক মাসুদ রানা বলেন, ভোর পাঁচটায় কুমিল্লা বিশ্বরোডে এসে যানজটে আটকা পড়ে ৫০ কিলোমিটার পথ পেরোতে চার ঘণ্টা সময় লেগেছে। অথচ যানজট না থাকলে এই পথ পাড়ি দিতে এক ঘণ্টা সময়ও লাগত না।
নোয়াখালী থেকে ঢাকাগামী একুশে পরিবহনের বাসের চালক মিন্টু খন্দকার ও কুমিল্লা থেকে দাউদকান্দিগামী পাপিয়া পরিবহনের বাসের চালক আবু ইসহাকও একই কথা বলেন।
চট্টগ্রামগামী গরুবোঝাই ট্রাকের চালক মুক্তার হোসেন বলেন, ভোর ছয়টায় দাউদকান্দির আমিরাবাদে যানজটে আটকা পড়েন তিনি। তিন ঘণ্টায় ইলিয়টগঞ্জ পর্যন্ত নয় কিলোমিটার পথ অতিক্রম করা সম্ভব হয়েছে।
দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ছালাম মিয়া বলেন, ‘মহাসড়ক যানজটমুক্ত করতে প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছি।’