ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫৩ কিলোমিটার যানজট
কুমিল্লার আলেখারচর বিশ্বরোড এলাকা থেকে দাউদকান্দি টোলপ্লাজা পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ৫৩ কিলোমিটার এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
আজ বৃহস্পতিবার ভোর চারটার দিকে দাউদকান্দির বারপাড়ায় একটি বড় লরি উল্টে গেলে এ পরিস্থিতির সৃষ্টি হয়। এতে যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।
হাইওয়ে পুলিশ, ভুক্তভোগী যাত্রী ও চালকেরা জানান, ভোর চারটার দিকে দাউদকান্দি উপজেলার বারপাড়া এলাকায় ঢাকাগামী একটি বড় লরির চালক নিয়ন্ত্রণ হারালে এটি মহাসড়কে উল্টে যায়। এ থেকে যানজটের সূত্রপাত। একপর্যায়ে তা ৫৩ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হয়। দীর্ঘ সময় যানজটে আটকা পড়েন যাত্রীরা, বিশেষ করে রোগী, শিশু, বৃদ্ধ ও নারীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।
বেলা পৌনে দুইটার দিকে দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা নোয়াখালীর রায়পুর থেকে ঢাকাগামী জননী পরিবহনের চালক সিরাজুল ইসলাম এবং একই বাসের যাত্রী নোয়াখালী সদরের চাকরিজীবী বাবলু মিয়া জানান, সকাল নয়টায় কুমিল্লা সেনানিবাস এলাকায় এসে তীব্র যানজটে আটকা পড়েন তাঁরা। বেলা পৌনে দুইটার দিকে দাউদকান্দির গৌরীপুরে পৌঁছেন।
ঢাকা থেকে চট্টগ্রামগামী ট্রাকের চালক মো. হান্নান বলেন, ‘সকাল আটটায় মেঘনা সেতু এলাকায় এসে যানজটে আটকা পড়ে বেলা দুইটায় দাউদকান্দির আমিরাবাদে পৌঁছি।’
দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, দুর্ঘটনার দুই ঘণ্টার মধ্যে রেকার এনে লরিটি সরিয়ে নিলেও আমিরাবাদ সেতু এলাকায় ভাঙা সড়কের কারণে যানজট তীব্র আকার ধারণ করে।