ঢাকা-চট্টগ্রাম মহাসড়কেঅবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম উত্তর জেলার সাধারণ সম্পাদক আসলাম চৌধুরীকে কারাগারে পাঠানোর প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড অংশের বিভিন্ন স্থানে অবরোধ করেছেন উপজেলা বিএনপির বিক্ষুব্ধ নেতা-কর্মীরা।

গতকাল বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে বিএনপির নেতা-কর্মীরা এ অবরোধ করেন। এ সময় তাঁরা বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করেন। এদিকে ঘটনাস্থলে গিয়ে অবরোধ সরানোর চেষ্টা করলে পুলিশের সঙ্গে তাঁদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এ সময় পুলিশ বেশ কয়েকটি ফাঁকা গুলি ছোড়ে। অপরদিকে অবরোধের কারণে শত শত গাড়ি মহাসড়কে আটকা পড়ে। যার কারণে নগরের সিটি গেট থেকে শুরু করে অন্তত ৫০ কিলোমিটার যানজটের সৃষ্টি করে।

সরেজমিনে দেখা যায়, সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া, বাড়বকুণ্ড, সীতাকুণ্ড, ফকিরহাট, উপজেলা দক্ষিণ বাইপাস, বারআউলিয়া এলাকায় বিক্ষুব্ধ জনতা মহাসড়কের কয়েকটি গাড়ির চাকার হাওয়া ছেড়ে দেয়। এতে মহাসড়কে শত শত গাড়ি আটকা পড়ে। এ সময় তারা কয়েকটি গাড়ি ভাঙচুর করে। একটি সিএনজিচালিত অটোরিকশায় আগুন দেয় তারা। পুলিশ ঘটনাস্থলে গিয়ে অবরোধ তুলতে ব্যর্থ হয়।

উপজেলা বিএনপির আহ্বায়ক ইউনুছ চৌধুরী বলেন, ‘আমরা মনে করি সরকারের উচ্চ মহলের ইশারায় চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আসলাম চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে। সরকার পুরো দেশকে কারাগার বানিয়ে ফেলেছে। আমি মন্তব্য করলে আমাকেও কারাগারে যেতে হবে।’

বারআউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনুসোহেল ইমতেয়াজ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুপুর থেকে এ অবরোধের শুরু। বিক্ষুব্ধ নেতা-কর্মীরা এ সময় কয়েকটি গাড়ির চাকা পাংচার করে অবরোধ সৃষ্টি করেন।

সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) আমীনুল ইসলাম জানান, বাড়বকুণ্ড ও সীতাকুণ্ডের দক্ষিণ বাইপাসে নেতা-কর্মীদের ছত্রভঙ্গ করতে অন্তত ১০-১৫টি ফাঁকা গুলি ছোড়া হয়েছে। বিকেল সাড়ে চারটার দিকে পুলিশ অবরোধ তুলতে সমর্থ হয় বলে তিনি জানান।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবকে গ্রেপ্তারের প্রতিবাদে গত ৮ এপ্রিল হরতাল চলার সময় উপজেলার ফৌজদারহাটে গাড়ি ভাঙচুরের মামলায় উত্তর জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আসলাম চৌধুরীকে হুকুমের ও অন্য ৪৩ জনকে আসামি করে সীতাকুণ্ড থানার সহকারী পরিদর্শক (এসআই) খালেদ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা করেন। ওই মামলায় আসলাম চৌধুরীসহ সব আসামি উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের আগাম জামিন পান। মেয়াদ শেষে আবার জামিনের আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।