ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অনেকটাই যানজটমুক্ত
ঢাকা-চট্টগ্রাম জাতীয় মহাসড়কে ভারী যানবাহন (লরি, কাভার্ড ভ্যান ও ট্রাক) চলাচল বন্ধ থাকায় আজ রোববার মহাসড়ক অনেকটাই যানজটমুক্ত ছিল। ঢাকার যাত্রাবাড়ী এলাকা থেকে কুমিল্লার বিশ্বরোড পর্যন্ত কোথাও কোনো যানজটের খবর পাওয়া যায়নি।
বিকেল চারটার দিকে কুমিল্লার দাউদকান্দির গৌরীপুর বাসস্ট্যান্ডে কথা হয় ঢাকা থেকে চাঁদপুরের মতলবগামী মতলব এক্সপ্রেসের যাত্রী আজমত উল্লাহ (৩৫), মো. শাহেদ (২৫) ও ঝর্ণা আক্তারের (২৫) সঙ্গে। তাঁরা বলেন, ঢাকার গুলিস্তান থেকে বাসে উঠে যথাসময়ে দাউদকান্দির গৌরীপুরে পৌঁছানো সম্ভব হয়েছে। কোথাও কোনো যানজট পাওয়া যায়নি। কচুয়ার বাইছারা গ্রামের আবদুল করিম বলেন, আজ থেকে ঘরমুখী মানুষ যানজট ছাড়া নির্বিঘ্নে বাড়ি পৌঁছাতে পারছে।
দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু ছালাম মিয়া ও হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আউয়াল জানান, ঈদের ছুটির আগের দিন থেকে মহাসড়কে ভারী যানবাহন চলাচল বন্ধ করা হলে যানজটে আটকা পড়ে ঘরমুখী মানুষ কষ্ট পেত না।
এদিকে নিষিদ্ধ থাকার পরও ঢাকা-চট্টগ্রাম জাতীয় মহাসড়কে ভারী যানবাহন চালানোর অপরাধে ১০টি যানবাহনকে ৪ হাজার ১০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল-আমিন আজ রোববার দুপুর থেকে বিকেল পর্যন্ত এ জরিমানা করেন।
দাউদকান্দি মডেল থানার উপপরিদর্শক (এসআই) ফিরোজ আহমেদ বলেন, যানজট নিয়ন্ত্রণে সরকারিভাবে আজ থেকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ভারী যানবাহন (লরি, কাভার্ড ভ্যান ও ট্রাক) চলাচল নিষিদ্ধ করা হয়। চালকেরা আইন অমান্য করে মহাসড়কে ভারী যানবাহন চালানোর সময় অভিযান চালিয়ে তাঁদের কাছ থেকে এ জরিমানা আদায় করা হয়।