ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সীতাকুণ্ড পৌর এলাকায় বাসের ধাক্কায় এক মাদ্রাসাছাত্রী আহতের ঘটনাকে কেন্দ্র করে এক ঘণ্টা ধরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছে উত্তেজিত জনতা। এ সময় একটি বাসে অগ্নিসংযোগ ছাড়াও সাত-আটটি যানবাহন ভাঙচুর করা হয়।গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে পৌরসভার পন্থিছিলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।আহত মাদ্রাসাছাত্রীর নাম উম্মে হাবিবা (৭)। সে সীতাকুণ্ড ইসলামিয়া দাখিল মাদ্রাসার প্রথম শ্রেণীর ছাত্রী। সে সৈয়দপুর ইউনিয়নের ওসমান গনির মেয়ে। হাবিবা গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো সার্জারি বিভাগে চিকিৎসাধীন রয়েছে।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বেলা সাড়ে ১১টার দিকে রাস্তা পার হওয়ার সময় চট্টগ্রামমুখী চয়েস পরিবহনের একটি বাস হাবিবাকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়। দুর্ঘটনার পর চালক বাসটি রেখে পালিয়ে যান। পরে স্থানীয় লোকজন বাসটি আটক করে তাতে আগুন ধরিয়ে দেয়। এ সময় তারা মহাসড়কে অবরোধ সৃষ্টি করে। এ কারণে দূরপাল্লার যানবাহনগুলো আটকা পড়ে।অবরোধে পড়ে দুর্ভোগের শিকার হয় ঢাকা-চট্টগ্রাম যাত্রাপথের যাত্রীরা। অবরোধের সময় ছয়-সাতটি যানবাহন ভাঙচুর করা হয় বলে জানা গেছে। পরে পুলিশ, স্থানীয় জনপ্রতিনিধি ও মাদ্রাসা কর্তৃপক্ষ জরুরি বৈঠকে বসে সমঝোতায় পৌঁছায়। প্রায় এক ঘণ্টা পর সড়ক অবরোধ তুলে নেওয়া হয়। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে বাসটির আগুন নেভায়।ঘটনার সত্যতা নিশ্চিত করে সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামিউল ইসলাম বলেন, দুর্ঘটনার পর লোকজন অবরোধ করে বাসটিতে আগুন ধরিয়ে দেয়। এক ঘণ্টা পর অবরোধ তুলে নেওয়া হয়। তাদের দাবি, ওই এলাকায় একটি গতিরোধক দিতে হবে। এ ঘটনায় সীতাকুণ্ড থানায় মামলার প্রস্তুতি চলছে বলে ওসি জানান।