ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, যানবাহন ভাঙচুর
কুমিল্লার দাউদকান্দি উপজেলার শহীদনগরে আজ বৃহস্পতিবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক এক ঘণ্টা অবরোধ করে রাখেন জুরানপুর আদর্শ বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থীরা। সড়ক দুর্ঘটনায় ওই কলেজের এক ছাত্রের মৃত্যুর প্রতিবাদে দুপুর ১২টা থেকে বেলা ১টা পর্যন্ত তাঁরা এই অবরোধ করেন।
অবরোধের সময় মহাসড়কের দাউদকান্দির বলদাখাল এলাকা থেকে আমিরাবাদ পর্যন্ত ১০ কিলোমিটার এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়। এ সময় শিক্ষার্থীরা যাত্রীবাহী কয়েকটি বাস ভাঙচুর করেন। এ সময় আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। অনেকে হেঁটে গন্তব্যে পৌঁছান।
ওই কলেজের কয়েকজন শিক্ষার্থী অভিযোগ করেন, শহীদনগরে জুরানপুর আদর্শ বিশ্ববিদ্যালয় কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিল মো. ইসমাইল মুন্সী। গত সোমবার ইসমাইল ঢাকা থেকে ব্যক্তিগত কাজ শেষে কুমিল্লা আসছিল। এ সময় ওই বাসের চালকের সহকারীর সঙ্গে ইসমাইলের বাগ্বিতণ্ডা হয়। শহীদনগর এলাকায় পৌঁছালে চালকের সহকারী তাকে চলন্ত বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দেন। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। এ ঘটনার প্রতিবাদে আজ শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করেন। ইসমাইলের বাড়ি কুমিল্লার চান্দিনার গল্লইয়ে।
দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আউয়াল জানান, খবর পেয়ে দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী, দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আসাদুজ্জামান, দাউদকান্দি পৌর মেয়র নাইম ইউসুফ, সহকারী কমিশনার (ভূমি) এ এইচ এম মাহফুজুর রহমান ও দাউদকান্দি মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. ফরিদ আহমেদ ঘটনাস্থলে পৌঁছে দোষী ব্যক্তিদের শাস্তির আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেন।