ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চার লেন করার ঠিকাদারি প্রতিষ্ঠান নিয়োগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চার লেনে উন্নীতকরণ প্রকল্প বাস্তবায়নের জন্য চূড়ান্তভাবে ঠিকাদার নিয়োগ করেছে সরকার। গতকাল রোববার সড়ক ভবনে তিনটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি সই করেছে যোগাযোগ মন্ত্রণালয়ের সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ)। প্রকল্প বাস্তবায়নের তিন ঠিকাদারি প্রতিষ্ঠানের তালিকায় আছে চীনা কোম্পানি সিনো হাইড্রো করপোরেশন লিমিটেড, বাংলাদেশের রেজা কনস্ট্রাকশন ও তাহের ব্রাদার্স-আল আমিন কনস্ট্রাকশন লিমিটেড (যৌথভাবে)। সওজের পক্ষে সংস্থার প্রধান প্রকৌশলী মুন্সি মোস্তাফিজুর রহমান এবং তিনটি ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষে প্রতিনিধিরা চুক্তিতে সই করেন।এ প্রকল্পের অধীনে দাউদকান্দি থেকে চট্টগ্রাম পর্যন্ত মহাসড়কের ১৯২ দশমিক ৩০ কিলোমিটার ১০টি প্যাকেজে (কাজের লট) দুই লেন থেকে চার লেনে উন্নীত করা হবে। ব্যয় ধরা হয়েছে প্রায় এক হাজার ৬৫৫ কোটি টাকা। ২০১৩ সালের মধ্যে প্রকল্পটি বাস্তবায়ন হওয়ার কথা। জাপানি ঋণ মওকুফ তহবিল থেকে সরকার এ প্রকল্প বাস্তবায়ন করছে।১০টি প্যাকেজের মধ্যে সিনো হাইড্রো করপোরেশন লিমিটেড সাতটি, রেজা কনস্ট্রাকশন ও তাহের ব্রাদার্স-আল আমিন কনস্ট্রাকশন একটি করে প্যাকেজে সর্বনিম্ন দরদাতা হিসেবে নির্বাচিত হয়।প্রকল্প-সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, এ মহাসড়ক দিয়ে প্রতিবছর গড়ে চার হাজার কোটি টাকার মালামাল পরিবহন হয়। কিন্তু চওড়া কম হওয়ায় প্রতিবছর সড়ক দুর্ঘটনায় ৪০০ থেকে ৬০০ মানুষ মারা যায়। প্রকল্পটি বাস্তবায়ন হলে দুর্ঘটনা কমার পাশাপাশি বন্দর নগর চট্টগ্রামের সঙ্গে যোগাযোগব্যবস্থার আরও উন্নতি ঘটবে।চার লেনবিশিষ্ট সড়কের মাঝখানে পাঁচ মিটার চওড়া মিডিয়ান বা ডিভাইডার হবে। ছোট-বড় মিলিয়ে বিভিন্ন স্থানে মোট এক হাজার ১৩৭ মিটার সেতু হবে। কুমিল্লা, ফেনী ও চট্টগ্রামে রেললাইনের ওপর ওভারপাস হবে তিনটি। মহাসড়কঘেঁষা অধিবাসীদের মহাসড়ক পারাপারের জন্য ৩৩টি স্টিলের ফুটওভার ব্রিজ ও দুটি আন্ডারপাস (ভূতল পারাপার) হবে।প্রকল্পের পরিচালক তরুণ তপন দেওয়ান প্রথম আলোকে জানান, দুই মাসের মধ্যে ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করবে। এ প্রকল্পের পরামর্শক প্রতিষ্ঠান পাকিস্তানভিত্তিক ‘নেশপাক’ কর্মকর্তারা এক সপ্তাহের মধ্যে আসবেন।প্রসঙ্গত, ২০০৬ সালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চার লেনে উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়। দুই দফা দরপত্র-প্রক্রিয়া বাতিল হওয়ার ফলে প্রকল্পটি ঝুলে যায়। তৃতীয় দফা দরপত্রে ঠিকাদার নিয়োগ হলো বর্তমান সরকারের আমলে।চুক্তি সই অনুষ্ঠানে যোগাযোগ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, চীনা দূতাবাসের প্রতিনিধি ও সওজের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।