ঢাকা-চট্টগ্রাম মহাসড়ককে চার লেনে উন্নীত করা হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ককে চার লেনে উন্নীত করার কাজে প্রয়োজন হবে প্রায় এক কোটি ৩ লাখ ঘনফুট মাটি ও বালু। এ কাজে কৃষি এবং উৎপাদনশীল জমি রক্ষা করে ড্রেজিং করা নদীর বালু এবং অপেক্ষাকৃত উঁচু ভূমির মাটি ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রকল্পের কাজটি জনস্বার্থে গুরুত্বপূর্ণ বিবেচনা করে ঠিকাদারেরা শিগগিরই প্রকল্প কর্মকর্তার কাছে তাঁদের চাহিদা জমা দেবেন। পরে আন্তমন্ত্রণালয় সভার মাধ্যমে সরকারি বিধিবিধান প্রতিপালন করে প্রয়োজনীয় পরিমাণ বালু ও মাটি সরবরাহের অনুমতি দেওয়া হবে।গতকাল মঙ্গলবার যোগাযোগ মন্ত্রণালয়ের সভাকক্ষে যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেনের সভাপতিত্বে এক আন্তমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।সভায় জানানো হয়, জনস্বার্থ বিবেচনা করে যথাসময়ে প্রকল্পের কাজ শেষ করতে ঠিকাদারেরা সরকারকে সহায়তা করছেন। এ জন্য প্রয়োজন অনুযায়ী বালু ও মাটি সরবরাহে পরিবেশ, ভূমি ও পানিসম্পদ মন্ত্রণালয়কে দ্রুতগতিতে সিদ্ধান্ত দেওয়ার আহ্বান জানানো হয়। প্রকল্পের জন্য প্রয়োজনীয় মাটি বা বালু নিকটবর্তী গোমতী, লেমুয়া, মুহুরি ও ধুমঘাট নদীবক্ষ বা সমুদ্র উপকূলের বালুচর ও অন্যান্য উৎস থেকে সংগ্রহ করা হবে।এ সময় যোগাযোগমন্ত্রী দেশের অর্থনীতির প্রাণপ্রবাহ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চার লেনে উন্নীত করার চলমান কার্যক্রম দ্রুততার সঙ্গে শেষ করতে সবার সহায়তা কামনা করেন।সভায় সড়ক ও রেলপথ বিভাগের সচিব মো. মোজাম্মেল হোসেন খান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চার লেন প্রকল্পের পরিচালক আরিফুর রহমান জিন্নাহসহ ঠিকাদার, বিভিন্ন জেলা প্রশাসনের কর্মকর্তা ও বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তথ্য বিবরণী।