ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এক ঘণ্টা অবরোধ
ফেনীতে সিএনজি চালিত অটোরিকশার মালিক ও চালকেরা মহাসড়ক অবরোধ করায় ঢাকা ও চট্টগ্রামের মধ্যে এক ঘণ্টা সড়ক যোগাযোগ বন্ধ থাকে। আজ শনিবার বেলা ১১টার দিকে সড়কে গাছের গুঁড়ি ফেলে তাঁরা অবরোধ করেন।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, অবরোধ চলাকালে মহাসড়কে পুলিশের সঙ্গে শ্রমিকদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। শ্রমিকেরা কয়েকটি গাড়ি ভাঙচুর করে। পুলিশ এ সময় কয়েক রাউন্ড শর্টগানের গুলি ছোড়ে। অবরোধ ও পাল্টাপাল্টি ধাওয়ার সময় দুপাশে শতাধিক গাড়ি আটকা পড়ে এই মহাসড়কে গাড়ি চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ গাছের গুঁড়ি সরিয়ে নিলে দুপুর ১২টার দিকে আবার গাড়ি চলাচল শুরু হয়।
ফেনী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মোর্শেদের ভাষ্য, অবরোধকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ শর্টগানের গুলি চালিয়েছে। তবে কত রাউন্ড গুলি ছোড়া হয়েছে তা তিনি জানাননি।
দেশের ২২টি মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশাসহ তিন চাকার যান চলাচলের ওপর নিষেধাজ্ঞার প্রতিবাদে এই অবরোধ কর্মসূচি পালন করলেন অটোরিকশা চালক ও মালিকেরা।