ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাছ ফেলায় দীর্ঘ যানজট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার দাউদকান্দি উপজেলার রায়পুর ও জিংলাতলীর মাঝামাঝি স্থানে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গত বুধবার দিবাগত রাত একটার দিকে দুর্বৃত্তরা একটি বড় গাছ ফেলে রাখে। এতে মহাসড়কের দাউদকান্দির গৌরীপুর এলাকা থেকে কুমিল্লা সেনানিবাস এলাকা পর্যন্ত ৫০ কিলোমিটার এলাকায় যানজট সৃষ্টি হয়। যানজটের কারণে দুর্ভোগে পড়েন যাত্রীরা।
দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, রাত একটার দিকে একদল ডাকাত জিংলাতলী ও রায়পুরের মাঝামাঝি স্থানে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশের একটি রেইনট্রি গাছ মেশিন দিয়ে কেটে মহাসড়কে ফেলে রাখে।
খবর পেয়ে হাইওয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে গেলে যানবাহনের যাত্রীরা ডাকাতির হাত থেকে রক্ষা পান। আধঘণ্টার মধ্যে ওই গাছ সরিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করা হয়। কিন্তু অতিরিক্ত ও এলোপাতাড়ি যানবাহন চলাচলের কারণে যানজট লেগে যায়।