ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়ি চলাচল শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় বুধবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন পরিবহনশ্রমিকেরা। ছবি: প্রথম আলো
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় বুধবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন পরিবহনশ্রমিকেরা। ছবি: প্রথম আলো

পুলিশি তৎপরতায় দুপুর সোয়া দুইটার দিকে ঢাকা-চট্টগ্রামে গাড়ি চলাচল শুরু হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে আটটা থেকে সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় পরিবহনশ্রমিকেরা মহাসড়ক অবরোধ করেন। যানবাহন ভাঙচুরের প্রতিবাদ ও নিরাপত্তার দাবিতে নারায়ণগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন তাঁরা। 

পুলিশ সূত্র জানায়, অবরোধ সরিয়ে গাড়ি চলাচল শুরু হয়েছে।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসহ আশপাশের জেলা শহরগুলোয় তীব্র যানজট এখনো রয়েছে।

প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা বলেন, যানবাহন চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়েন বিভিন্ন গন্তব্যের যাত্রীরা। সড়ক অবরোধ ছাড়াও বেলা সাড়ে ১১টার দিকে পরিবহনশ্রমিকেরা সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকায় বিভিন্ন স্কুল-কলেজগামী শিক্ষার্থীদের ওপর হামলা চালান। শিক্ষার্থীদের মারধর করতে দেখা গেছে তাঁদের।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সকাল আটটার দিকে পরিবহনশ্রমিকেরা যানবাহন ভাঙচুর ও নিরাপত্তাদের দাবিতে সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবস্থান নেন। এ সময় তাঁরা বিক্ষোভ মিছিল নিয়ে মহাসড়ক অবরোধ করেন। মহাসড়কের দুপাশে (ঢাকা ও চট্টগ্রামগামী) যানবাহন চলাচল বন্ধ করে দেন। গণপরিবহন ঢাকায় ঢুকতে ও ঢাকা থেকে বের হতে বাধা দেন। দেশের গুরুত্বপূর্ণ মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। তীব্র যানজটের সৃষ্টি হয়।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার মনিরুল ইসলাম জানান, সকাল থেকে বাস পরিবহনশ্রমিকেরা তাঁদের নিরাপত্তার দাবিতে সড়ক অবরোধ করেন।