ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চার লেনের কাজ ছয় মাসেই শেষ হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ছয় মাসের মধ্যেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ৭৩ কিলোমিটার রাস্তা চার লেনে উন্নীত করার কাজ শেষ হবে। এ ছাড়া দেশের সব সড়ক, মহাসড়ক, আঞ্চলিক মহাসড়ক এবং জেলা সড়কগুলোও সম্পূর্ণভাবে যান চলাচলের উপযোগী করে তোলা হবে। গতকাল শুক্রবার সকালে সীতাকুণ্ডের বড় দারোগারহাট এলাকায় ভারী যানবাহন চলাচলের নিয়ন্ত্রণে এক্সেল লোড কন্ট্রোল স্টেশনে ওজন পরিমাপ যন্ত্রের উদ্বোধন এবং দক্ষিণ শীতলপুরে চার লেন সড়ক নির্মাণের কাজ পরিদর্শনকালে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের সাংবাদিকদের এ তথ্য দেন।সীতাকুণ্ড এক্সেল লোড কন্ট্রোল স্টেশন উদ্বোধন শেষে যোগাযোগমন্ত্রী সীতাকুণ্ডের দক্ষিণ শীতলপুরের চার লেন সড়ক নির্মাণকাজ পরিদর্শন করতে যান। তিনি সেখানে সাংবাদিকদের বলেন, ধারণক্ষমতার চেয়ে ভারী যানবাহন চলাচলের কারণে মহাসড়কগুলো যান চলাচলে অনুপযোগী হচ্ছে। রাস্তাঘাট টেকসই রাখতে অতিরিক্ত ভারী যান চলাচল বন্ধ করতে হবে। তাই চালকদের সতর্ক করার জন্য এক মাসের এই সচেতনতামূলক পরীক্ষা কার্যক্রম চলবে। এর পর থেকে মহাসড়কে ২০ টনের বেশি কোনো ট্রাক ও কাভার্ড ভ্যান চলাচল করতে দেওয়া হবে না।যোগাযোগমন্ত্রী আরও বলেন, ‘ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চার লেনের জন্য ছয় মাসের প্যাকেজ কর্মসূচি হাতে নিয়েছি। নানা প্রতিবন্ধকতা সত্ত্বেও এ কাজ দ্রুতগতিতে অগ্রসর হচ্ছে। এতে চার লেনের ৭৩ শতাংশ, অর্থাৎ ৭৩ কিলোমিটার সড়ক দৃশ্যমান করা হবে।’