ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতি রোধে তল্লাশি চৌকি বসছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পণ্যবাহী ট্রাক ও কাভার্ড ভ্যানে ডাকাতি প্রতিরোধে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শুকলালহাটে তল্লাশি চৌকি বসছে। আগামীকাল শনিবার বিকেলে এর উদ্বোধন হবে।হাইওয়ে পুলিশ এবং মাল পরিবহন ব্যবসায়ীদের সংগঠন ট্রাক ও কাভার্ড ভ্যান মালিক সমিতির যৌথ উদ্যোগে বসানো হচ্ছে এই চৌকি।সাম্প্রতিক সময়ে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই মহাসড়কে ডাকাতির ঘটনা খুবই বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে পুলিশ প্রশাসন ও পরিবহনের নেতারা মহাসড়কে তল্লাশি চৌকি বসানোর পরিকল্পনা করেন।বাড়বকুণ্ডের শুকলালহাট বাজারে প্রথম চৌকিটি বসানোর সিদ্ধান্ত হয়। চট্টগ্রাম বন্দরে পণ্যবাহী ট্রাক-কার্ভাড ভ্যান আসা-যাওয়ার পথে এই জায়গা অতিক্রম করতে হয়।এ প্রসঙ্গে আন্তজেলা মালামাল পরিবহন সংস্থা ট্রাক ও কাভার্ড ভ্যান মালিক সমিতির সহসভাপতি ও বাংলাদেশ কাভার্ডভ্যান-ট্রাক পণ্য পরিবহন মালিক অ্যাসোসিয়েশনের মহাসচিব মো. আবু মোজাফ্ফর প্রথম আলোকে বলেন, ‘চেকপোস্টে গাড়ির কাগজপত্র পরীক্ষা করা হবে। এরপর চালক ও সহযোগীর ছবি ভিডিও করে রাখা হবে। তা ছাড়া এই সময়ে কোনো অনিয়ম হচ্ছে কি না, তা তদারকির জন্য দূর থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করতে আমাদের একজন প্রতিনিধি নিযুক্ত থাকবেন।’পরিবহন ব্যবসায়ীদের হিসাব অনুযায়ী, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই, ফেনী, চাঁদপুর এবং ঢাকার সাভার ও জয়দেবপুর চৌরাস্তায় গত পাঁচ বছরে কয়েক হাজার গাড়িতে ডাকাতি হয়েছে। এই সময়ে এক-দেড় হাজার চালক ও সহযোগী খুন হন। মালামাল লোপাট হয়েছে প্রায় ১৫০ কোটি টাকার। এ ছাড়া সংঘবদ্ধ দুর্বৃত্তরা কৌশলেও বন্দরমুখী পণ্য সরিয়ে ফেলায় রপ্তানিকারকেরা ক্ষতিগ্রস্ত হন। তল্লাশি চৌকি স্থাপন কমিটির আহ্বায়ক মো. আবু মোজাফ্ফর প্রথম আলোকে বলেন, তাঁরা ডাকাতির সঙ্গে জড়িত সন্দেহভাজনদের নাম-ঠিকানা ইতিমধ্যে পুলিশ ছাড়াও প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তরেও পাঠিয়েছেন।