ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট, দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার দাউদকান্দি উপজেলায় মেঘনা-গোমতী সেতুর ওপর ট্রাক বিকল হয়ে পড়ায় গতকাল শুক্রবার দিনভর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ছিল তীব্র যানজট। যানজট থাকায় দুর্ভোগে পড়ে বিভিন্ন গন্তব্যের হাজারো যাত্রী। অনেক এইচএসসি পরীক্ষার্থী যানজটের কারণে সময়মতো পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেনি বলে খবর পাওয়া গেছে।পুলিশ ও পরিবহনচালকেরা জানান, গত বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে সেতুর ওপর ঢাকা থেকে চট্টগ্রামগামী মালবাহী একটি ট্রাক বিকল হয়ে যায়। কাছাকাছি সময়ে সেতুর পশ্চিম পাশে মুন্সিগঞ্জের গজারিয়া এলাকায় চট্টগ্রামগামী আলুবোঝাই আরেকটি ট্রাক উল্টে যায়। এতে সেতুর দুই প্রান্তে কয়েক কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়। ফলে ঘণ্টার পর ঘণ্টা রাস্তায়ই পার করতে হয় যাত্রীদের।গতকাল সকাল আটটার দিকে রেকারের মাধ্যমে দুটি ট্রাক সরিয়ে নেওয়া হলেও সারা দিনই যানজট ছিল। গতকাল রাত নয়টার দিকে পরিস্থিতি কিছুটা সহনীয় হয়। দাউদকান্দির গৌরীপুর বালিকা বিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থী এক মেয়ে এবং গৌরীপুর সরকারি কলেজ কেন্দ্রের পরীক্ষার্থী দুটি মেয়ে বলে, খুব সকালে বাড়ি থেকে পরীক্ষাকেন্দ্রের উদ্দেশে বের হলেও বৃষ্টি ও যানজটের কারণে আধা ঘণ্টা পরে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করেছে।গৌরীপুর সরকারি ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ মো. হারুন আর রশিদ বলেন, যানজটের কারণে অনেক শিক্ষকই সঠিক সময়ে পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে পারেনি। এতে পরীক্ষা পরিচালনায় সমস্যায় পড়তে হয়েছে।টেকনাফ থেকে ঢাকাগামী একটি পরিবহনের বাসের চালক আবু সাইদ বলেন, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টায় টেকনাফ থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন তিনি। শুক্রবার ভোর পাঁচটায় বাস নিয়ে ঢাকায় পৌঁছার কথা ছিল। কিন্তু দুপুর পেরিয়ে গেলেও কুমিল্লার মাধাইয়া এলাকায় যানজটে আটকা পড়ে ছিলেন তিনি। বাসের যাত্রী কাঁচপুরের লতা বলেন, দীর্ঘ সময় যানজটে আটকা পড়ে তাঁর বোন রানী ও সালমা এবং সালমার তিন বছরের ছেলে তাহামুনকে নিয়ে খাবার ও শৌচাগারের সমস্যায় পড়তে হয়েছে। ঢাকা থেকে কক্সবাজারগামী একটি পরিবহনের বাসের চালক তৈয়ব হোসেন বলেন, বৃহস্পতিবার রাত ১০টায় ঢাকা থেকে রওনা দিয়ে যানজটে আটকা পড়ে সকাল আটটায় দাউদকান্দির গৌরীপুর পর্যন্ত এসেছেন।গৌরীপুর সরকারি ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছাত্রী হাসিনা ও জেসমিন বলে, যানজটের কারণে ছয় কিলোমিটার পথ বৃষ্টিতে ভিজে দৌড়ে গৌরীপুরের হাসানপুর কলেজ কেন্দ্রে পৌঁছেছে।দাউদকান্দি হাইওয়ে পুলিশের সার্জেন্ট সাইফুল ইসলাম বলেন, শুক্রবার ছুটির দিনে মহাসড়কে মাত্রাতিরিক্ত যানবাহন চলাচল, বৃহস্পতিবার রাতে সেতুতে ট্রাক বিকল, সেতুর পশ্চিম পাশে মহাসড়কে আলুবোঝাই ট্রাক উল্টে যাওয়া এবং বৃষ্টির কারণে যানজট তীব্র আকার ধারণ করে। তবে সন্ধ্যার পর পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়।