ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গুগল ম্যাপে লাল রঙ দিয়ে যানজটের বিষয়টি দেখানো হয়েছে।
গুগল ম্যাপে লাল রঙ দিয়ে যানজটের বিষয়টি দেখানো হয়েছে।

অতিরিক্ত যানবাহনের চাপ আর টোল প্লাজায় ওজন মাপতে দেরি হওয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাউদকান্দি উপজেলার মেঘনা-গোমতী সেতু এলাকা থেকে আমিরাবাদ পর্যন্ত ১০ কিলোমিটার এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে। এতে দীর্ঘ সময় যানজটে আটকে থেকে যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। স্থানীয় অনেকেই চার থেকে ছয় কিলোমিটার হেঁটে গন্তব্যে পৌঁছছেন।

দাউদকান্দি উপজেলার সুন্দলপুর গ্রামের চিকিৎসক ফরহাদ প্রধান বলেন, ‘রাত আটটার দিকে তীব্র যানজট পেয়েছি। দাউদকান্দির গৌরীপুর থেকে শহীদনগর পর্যন্ত চার কিলোমিটার পথ হেঁটে বাড়ি পৌঁছাতে হয়েছে।’

ঢাকাগামী কাভার্ড ভ্যানের চালক আবদুল করিম বলেন, আমিরাবাদে রাত আটটায় যানজটে আটকা পড়ে চার কিলোমিটার সড়ক অতিক্রম করতে দুই ঘণ্টা সময় লেগেছে।

স্থানীয় মাইক্রোবাসের চালক মহসীন মিয়া বলেন, যানবাহনের চাপে এবং মেঘনা-গোমতী সেতুর টোল প্লাজার ওভারলোড গাড়ি ওজনে ধীরগতির কারণে বেলা তিনটা থেকে যানজট সৃষ্টি হয়ে ধীরে ধীরে ১০ কিলোমিটারে পৌঁছেছে।

দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, দাউদকান্দি টোল প্লাজায় ওজন পরিমাপক যন্ত্রে ধীরগতির কারণে যানজট সৃষ্টি হয়েছে। যানবাহন চলাচল স্বাভাবিক করতে হাইওয়ে পুলিশ প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছে।