ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট। দাউদকান্দির বিশ্বরোড, কুমিল্লা ২৫ ফেব্রুয়ারি। ছবি: আবদুর রহমান ঢালী
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট। দাউদকান্দির বিশ্বরোড, কুমিল্লা ২৫ ফেব্রুয়ারি। ছবি: আবদুর রহমান ঢালী

কুমিল্লার দাউদকান্দি উপজেলার মেঘনা-গোমতী সেতুর পশ্চিম প্রান্ত থেকে গৌরীপুর পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ১০ কিলোমিটার এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে। আজ বেলা সাড়ে ১১টা পর্যন্ত এ যানজট লেগে ছিল।

ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকা পড়ে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

দাউদকান্দি হাইওয়ে থানার পুলিশ জানায়, গতকাল শনিবার রাত ১০টার দিকে ঢাকাগামী বড় একটি ট্রাক মেঘনা-গোমতী সেতুর পশ্চিম প্রান্তে মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলা অংশে বিকল হয়। রেকার এসে ট্রাকটি সরাতে প্রায় এক ঘণ্টা সময় লেগে যায়। এ সময় ঢাকাগামী যানবাহন চলাচল বন্ধ থাকায় মহাসড়কে যানজট তীব্র আকার ধারণ করে।

ফেনী থেকে ঢাকাগামী ‘ষ্টার লাইন’ পরিবহনের বাসের চালক বেলাল হোসেন বলেন, ‘এক সপ্তাহ যাবৎ এ অবস্থা চলছে। ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে থাকছি। শরীরে আর সহ্য হচ্ছে না।’

দাউদকান্দির ঢাকারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছালেহা বেগম বলেন, ‘শনিবার আমার দেবর খোকন শিকদার মারা যায়। বেলা দেড়টায় জানাজা হয়। স্বজনরা সকাল ছয়টায় ঢাকা থেকে রওনা দিয়েও যানজটে আটকা পড়ে জানাজায় অংশগ্রহণ করতে পারেনি। অথচ এক ঘণ্টার পথ ছিল।’

রায়পুর কেসি উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক শারমীন আক্তার বলেন, দাউদকান্দি সদরের বাড়ি থেকে প্রতিদিন স্কুলে যেতে হলে ১৫ কিলোমিটার পথ হাঁটে যাওয়া ছাড়া অন্য কোনো উপায় থাকে না।

কুমিল্লার হোমনা কৃষি ইনস্টিটিউটের ক্যাশিয়ার মোতাহারুল ইসলাম বলেন, সকাল ছয়টায় ঢাকার কাঁচপুর থেকে বাসযোগে রওনা দিয়ে সকাল ১০টায় দাউদকান্দির গৌরীপুরে পৌঁছাই। কাঁচপুর সেতু থেকে দাউদকান্দির মেঘনা-গোমতী সেতু পর্যন্ত থেমে থেমে যানজট চলছে।

দাউদকান্দি হাইওয়ে থানার সার্জেন্ট আলমগীর হোসেন বলেন, গতকাল রাত ১০টার দিকে ঢাকাগামী একটি লংভেহিকল মেঘনা-গোমতী সেতুর পশ্চিম প্রান্তে বিকল হওয়ার কারণে এ যানজটের সৃষ্টি। যানবাহন চলাচল স্বাভাবিক করতে চেষ্টা চলছে।