ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট, দুর্ভোগে এইচএসসি পরীক্ষার্থীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট। ছবি: আবদুর রহমান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট। ছবি: আবদুর রহমান

কুমিল্লার দাউদকান্দি উপজেলার মেঘনা-গোমতী সেতু থেকে হরিপুর পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ১০ কিলোমিটার এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে একটি ট্রাক সেতুর ওপর বিকল হয়ে যায়। দাউদকান্দি হাইওয়ে পুলিশ রেকার এনে আধা ঘণ্টা পর বিকল ট্রাকটি অন্যত্র সরালেও আজ বুধবার ভোররাতের যানবাহনের চাপে যানজট তীব্র আকার ধারণ করে। ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকা পড়ে যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। দুপুর ১২ পর্যন্ত এই যানজট আছে।

তীব্র যানজটে চরম দুর্ভোগে পড়েছে এইচএসসি পরীক্ষার্থীরা। দাউদকান্দির গৌরীপুর সরকারি কলেজের এইচএসসি পরীক্ষার্থী সোনিয়া আক্তার, রুবি আক্তার, নিপা আক্তার, তাছলিমা, রিংকী আক্তারদের সঙ্গে কথা হয়। তারা জানায়, যানজটে আটকা পড়ে আট কিলোমিটার পথ হেঁটে-দৌড়ে কোনো রকমে সকাল সাড়ে নয়টায় যথাসময়ে হাসানপুর সরকারি কলেজ কেন্দ্রে পৌঁছায়।

দাউদকান্দির ড. মোশাররফ কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র মাহাদুল ইসলাম ও ফাইম রেজা বলে, যানজটের কারণে বাড়ি থেকে কলেজ ১০ কিলোমিটার দূরে হওয়ায় হাঁটার অভ্যাস না থাকায় আজ কলেজে যেতে পারেনি তারা।

চাঁদপুরের মতলব উত্তরের কালীপুর স্কুল ও কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের শিক্ষক মো. আলাউদ্দিন ও মুরাদনগর উপজেলার পরমতলা ইদ্রিসিয়া ফাজিল মাদ্রাসার শিক্ষক জামাল উদ্দিন বলেন, যানজটে আটকা পড়ে পরীক্ষার পর্যবেক্ষকের দায়িত্ব পালন করতে ১১ কিলোমিটার পথ হেঁটেই গন্তব্যে পৌঁছতে হয়েছে।

কুমিল্লার তিতাস উপজেলার শিবপুর গ্রামের আলমগীর হোসেন বলেন, ‘মেয়ে আঞ্জুমানকে চিকিৎসক দেখাতে ঢাকায় রওনা দিয়ে তীব্র যানজটে সকাল সাতটা থেকে আটকে আছি। যথাসময়ে ঢাকায় পৌঁছে চিকিৎসককে দেখাতে পারব, কি না এ নিয়ে চিন্তায় আছি।’

ঢাকাগামী সুরমা বাসের চালক মিজানুর রহমান বলেন, ‘সকাল ছয়টা থেকে একটানা চার ঘণ্টা যানজটে আটকা আছি। কখন ঢাকায় পৌঁছাতে পারব জানা নেই।’

ঢাকা থেকে নোয়াখালীগামী লোকাল বাসের চালক লালন মিয়া বলেন, তীব্র যানজটে দাউদকান্দির মেঘনা-গোমতী সেতুর টোলপ্লাজা থেকে গৌরীপুর পর্যন্ত নয় কিলোমিটার পথ অতিক্রম করতে পাঁচ ঘণ্টা সময় লেগেছে।

দাউদকান্দি হাইওয়ে থানার পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) কামরুল হাসান বলেন, পুলিশ যানবাহন চলাচল স্বাভাবিক করতে চেষ্টা চালাচ্ছে।