ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পণ্যবাহী পরিবহনে ডাকাতি রোধে প্রস্তাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পণ্যবাহী পরিবহনে ডাকাতি ও ছিনতাই রোধে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রস্তাব নেওয়া হয়েছে। এগুলো হচ্ছে, চট্টগ্রাম চেম্বারসহ ব্যবসায়ী ও পরিবহন খাতসংশ্লিষ্ট সংগঠনের সমন্বয়ে মনিটরিং সেল গঠন, হাইওয়ে ট্রাক টার্মিনাল নির্মাণ, হাইওয়ে পুলিশের সক্ষমতা বৃদ্ধি, ঢাকায় অনুষ্ঠেয় কেন্দ্রীয় সভায় ঢাকা ও চট্টগ্রামের বিভাগীয় কমিশনারদ্বয়কে আমন্ত্রণ জানানো, প্রতি দুই মাস পর অগ্রগতি পর্যালোচনা করার লক্ষ্যে চট্টগ্রামে সভার আয়োজন প্রভৃতি। গতকাল মঙ্গলবার সকালে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজির সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এসব প্রস্তাব গৃহীত হয়। রেঞ্জ দপ্তরের সম্মেলনকক্ষে আয়োজিত সভায় চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির জ্যেষ্ঠ সহসভাপতি মাহবুবুল আলমের নেতৃত্বে সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। সভায় চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি নওশের আলী জানান, গত ১৬ মাসে মহাসড়কে ডাকাতির ঘটনায় মোট ১৮টি মামলা হয়েছে এবং কিছু মামলার ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। চেম্বার পরিচালক ছৈয়দ ছগীর আহমদ গাড়ির চালক, চালকের সহকারী ও গাড়ির তথ্যসংবলিত একটি ডেটা বেইস চালু করার প্রস্তাব দেন।