ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পাঁচ দিনে চার ট্রাকে ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জে পাঁচ দিনে অন্তত চারটি ট্রাকে ছিনতাই হয়েছে। ছিনতাইকারীরা অস্ত্রের মুখে টাকা-পয়সা, মুঠোফোন ও মালামালসহ গাড়ি নিয়ে গেছে। যাওয়ার আগে তারা চালক ও সহকারীকে অজ্ঞান করে ফেলে যায়।পুলিশ বলছে, বেশির ভাগ ঘটনায় মালিকপক্ষ মামলা না করায় প্রকৃত অপরাধীদের ধরা যাচ্ছে না।ট্রাকমালিক সমিতি সূত্রে জানা গেছে, ১২ থেকে ১৭ জুলাই পর্যন্ত মদনপুর এলাকায় চারটি ট্রাকে ছিনতাই হয়। ১৬ জুলাই রাত সাড়ে নয়টার দিকে নারায়ণগঞ্জের জালকুড়ি বাসস্ট্যান্ডের উত্তর পাশের পেট্রলপাম্পের কাছ থেকে একটি ট্রাক নিয়ে সরে পড়ে ছিনতাইকারীরা। ট্রাকচালক আমদানি করা মালামাল চট্টগ্রাম বন্দর থেকে ঢাকার পাগলায় নামিয়ে ওই এলাকায় এসে দাঁড়িয়েছিলেন। এ সময় ছিনতাইকারী দলের কয়েকজন সদস্য চালককে অস্ত্রের ভয় দেখিয়ে ট্রাক থেকে নামিয়ে দেয়। অন্যরা ট্রাকটি নিয়ে যাত্রাবাড়ীর দিকে চলে যায়।ট্রাকের মালিক আহছান উল্লাহ প্রথম আলোকে বলেন, এ ব্যাপারে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।সূত্রমতে, ১৪ জুলাই রাত ১২টার দিকে আবদুল হামিদের মালিকানাধীন পেপার রোল বহনকারী ট্রাকটি মালামালসহ খোয়া যায় নারায়ণগঞ্জের সোনারগাঁও থানার জোড়া ব্রিজ এলাকা থেকে। ডাকাতেরা জোর খাটিয়ে ট্রাকচালক ও সহযোগীকে ঘুমের বড়ি খাইয়ে অজ্ঞান করে ট্রাক নিয়ে পালিয়ে যায়। পরে ঢাকার আরমানিটোলায় খালি ট্রাকের খোঁজ মিললেও মালামালের হদিস পাওয়া যায়নি। এ ব্যাপারে সোনারগাঁও থানায় জিডি করা হয়েছে। ১২ জুলাই নারায়ণগঞ্জের মদনপুর বাজার এলাকায় আন্তজিলা মালামাল পরিবহন সংস্থা ট্রাক ও কাভার্ড ভ্যান মালিক সমিতির সহসভাপতি মো. আবু মোজাফ্ফরের মালিকানাধীন ট্রাক গতিরোধ করে চালককে নামিয়ে তাঁর মুঠোফোন, টাকা-পয়সা হাতিয়ে নেয়। তবে ট্রাকটি নিতে পারেনি।পরদিন একই এলাকায় একই ভাবে চট্টগ্রামের মর্ডান ট্রান্সপোর্টের একটি ট্রাকের গতিরোধ করে চালকের কাছ থেকে মুঠোফোন, টাকা-পয়সা ছিনিয়ে নেয়। এ সময় চারপাশ থেকে লোকজন ছুটে এলে তারা আর ট্রাকের কাছে ভিড়তে পারেনি। আন্তজিলা মালামাল পরিবহন সংস্থা ট্রাক ও কাভার্ড ভ্যান মালিক সমিতির সহসভাপতি মো. আবু মোজাফ্ফর বলেন, ‘আমরা এ ব্যাপারে প্রশাসনের উচ্চপর্যায়ে কথা বলব।’ হাইওয়ে পুলিশের (পূর্বাঞ্চল) এসপি আনোয়ার কামাল বলেন, ‘এসব ছিনতাইয়ের ঘটনায় পরিবহনমালিকেরা মামলা না করায় ব্যবস্থা নেওয়া যাচ্ছে না।’ তা ছাড়া কোনো কোনো ক্ষেত্রে ট্রাকচালক ও সহকারীদের সঙ্গে ছিনতাইকারীদের যোগাযোগ থাকতে পারে।