ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রতিবছরে ছিনতাই ও ডাকাতির কবলে পড়ে বছরে প্রায় ২০০ কোটি টাকার পণ্য খোয়া যায়। এর মধ্যে রয়েছে এমএস রড, তুলা ও পোশাকশিল্পের মালামাল। একই ঘটনায় বছরে শতাধিক চালক ও চালকের সহযোগী গুম বা খুন হন। খোয়া যাওয়া পণ্যের ১ শতাংশও ফেরত পাওয়া যায় না। গতকাল রোববার সকালে চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে আন্তজেলা মালামাল পরিবহন সংস্থা ট্রাক ও কাভার্ডভ্যান মালিক সমিতি আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসহ দেশের বিভিন্ন স্থানে ডাকাতি, ছিনতাই এবং টায়ার-টিউবসহ খুচরা যন্ত্রাংশের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির ফলে ‘বিপর্যস্ত’ পরিবহন ব্যবসায়ীরা ১৬ দফা বাস্তবায়নের দাবিতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন। এতে লিখিত বক্তব্য পড়ে শোনান আন্তজেলা মালামাল পরিবহন সংস্থা ট্রাক ও কাভার্ড ভ্যান মালিক সমিতির চেয়ারম্যান সিরাজুল হক। উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্রাক কাভার্ড ভ্যান ও পণ্য পরিবহন মালিক অ্যাসোসিয়েশনের মহাসচিব আবু মোজাফফর, আন্তজেলা মালামাল পরিবহন সংস্থা ট্রাক ও কাভার্ড ভ্যান মালিক সমিতির কো-চেয়ারম্যান শওকত আলী, সভাপতি মুনির আহম্মদ, এম এস রড ও লৌহজাত পণ্য পরিবহন মালিক উপপরিষদের যুগ্ম সম্পাদক ফরহাদ মনসুর চৌধুরী, সদস্য রশীদ মজিদ, সুফিউর রহমান প্রমুখ। সংবাদ সম্মেলনে জানানো হয়, গত এক মাসে প্রায় ৩০টি এম এস রডের গাড়িসহ অন্যান্য পণ্যবাহী ট্রাক ও কাভার্ড ভ্যান ছিনতাই হয়। এতে সাত-আটজন চালক ও সহযোগীকে হত্যা করা হয়। পরিবহন মালিক সমিতির ১৬ দফা দাবির মধ্যে রয়েছে এমএস রডসহ চোরাই পণ্য ক্রেতাদের প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ, যেকোনো থানায় মামলা করার ব্যবস্থা করা, তদন্ত ছাড়া পরিবহন মালিকদের দোষী সাব্যস্ত না করা, যে স্থানে ডাকাতি হবে সে স্থানের সংশ্লিষ্ট থানাকে জবাবদিহির আওতায় আনা, মহাসড়কের মদনপুর, পোস্তাগোলা, সাভার ও গাজীপুরে চেকপোস্ট বসানো, খুচরা যন্ত্রাংশ আমদানির ক্ষেত্রে কর কমপক্ষে ১০ শতাংশ কমিয়ে আনা, গাড়ির ট্যাক্স-টোকেন, ফিটনেস, পারমিটে কর কমিয়ে আনাসহ নতুন করের ওপর ভ্যাট প্রত্যাহার, জরিমানা ছাড়া গাড়ির কর পরিশোধের সুযোগ ইত্যাদি অন্যতম। সংবাদ সম্মেলনে বলা হয়, আগামী তিন মাসের মধ্যে দাবিদাওয়া বাস্তবায়িত না হলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে।