ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাসে ডাকাতি, প্রতিমন্ত্রীর ভাই ছুরিকাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি যাত্রীবাহী বাস গতকাল শুক্রবার ভোরে কুমিল্লার গৌরীপুর এলাকায় সশস্ত্র ডাকাতদের কবলে পড়ে। ডাকাতেরা বাসের যাত্রী খালেদ মাহমুদকে ছুরিকাঘাত করে বলে জানা যায়। তিনি পরিবেশ ও বন প্রতিমন্ত্রী হাছান মাহমুদের ছোট ভাই। ডাকাতেরা বাসের ৩৫ জন যাত্রীর কাছ থেকে অর্থসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল লুট করে।প্রতিমন্ত্রীর ভাই খালেদ মাহমুদসহ আরও কয়েকজন যাত্রী চট্টগ্রাম প্রেসক্লাবে এসে সাংবাদিকদের জানান, গ্রীনলাইন পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব ১৪৬৮৬) বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশে যাত্রা করে। বাসটি কাঁচপুর ব্রিজের কাছে এসে তেল নেওয়ার কথা বলে একটি পেট্রলপাম্পে আধা ঘণ্টা দেরি করে। সেখান থেকে বাসে উঠে পড়ে দুই ব্যক্তি। যাত্রীরা জানায়, বাসটি ভোর পৌনে চারটার দিকে কুমিল্লার গৌরীপুর এলাকায় পৌঁছালে ওই দুই ব্যক্তি অস্ত্র দেখিয়ে যাত্রীদের জিম্মি করে। গৌরীপুর থেকে আরও চার ডাকাত বাসটিতে উঠে বাসের নিয়ন্ত্রণ নেয়। ডাকাতদলের এক সদস্য চালকের আসনে বসে বাসটি চালাতে থাকে। ডাকাতেরা যাত্রীদের মারধরের চেষ্টা করলে প্রতিমন্ত্রীর ভাই বাধা দেন। এতে তিনি ছুরিকাহত হন। প্রায় আধা ঘণ্টা পর বাসটি নারায়ণগঞ্জের রূপগঞ্জ সড়কে নিয়ে ডাকাতেরা নেমে পড়ে। এ ব্যাপারে গ্রীনলাইন পরিবহনের চট্টগ্রাম অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত পরিচালক এইচ এম মিনার বলেন, ‘ডাকাতির ঘটনাটি প্রতিষ্ঠানের বিভিন্ন কর্মচারীর কাছ থেকে শুনেছি। বিস্তারিত জানি না।’