ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাইফুল ইসলাম ব্যবসা করেন। চট্টগ্রাম গিয়েছিলেন পরিবারের সবাইকে নিয়ে বন্ধুর বাসায় বেড়াতে। চট্টগ্রাম থেকে গত শনিবার সন্ধ্যা সাতটায় শ্যামলী পরিবহনে ওঠেন ঢাকা যাবেন বলে। গতকাল রোববার বেলা ১১টা নাগাদ তিনি মিরসরাই সদর অতিক্রম করেন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ রকম হাজার হাজার যাত্রী গত শনিবার রাতে আটকা পড়েন। ছোট বাচ্চা ও মহিলাদের নিয়ে অনেকে বিপাকে পড়েন। সারা রাত বাসে কাটনোর পর সকালে প্রকৃতির ডাকে সাড়া দিতে আরও বেকায়দায় পড়তে হয়েছে। মানুষের দুর্ভোগ যেন শেষ হওয়ার নয়।মিরসরাই সদরের ইউনিক কাউন্টারের ব্যবস্থাপক মো. নাজিম উদ্দীন জানান, গত শনিবার রাতে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ২০টি নাইটকোচ গতকাল রোববার সকাল প্রায় ১০টা নাগাদ মিরসরাই সদর অতিক্রম করে। তিনি আরও বলেন, ‘গতকাল রোববার সকালের জন্য যারা টিকিট ক্রয় করেছেন তাঁরা কখন গন্তব্যের উদ্দেশে মিরসরাই ত্যাগ করতে পারবেন তা তাঁর জানা নেই।’ বারআউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ওয়াহিদুর রহমান জানান, মহাসড়কের মিরসরাইয়ের ঠাকুরদীঘি এবং সীতাকুণ্ডের কুমিরা বাঁশবাড়িয়া এলাকায় তিনটি ট্রাক ও লরি বিকল হলে রাতভর যানযটের সৃষ্টি হয়। সেই রেশ এখনো (বেলা সাড়ে ১২টা) চলছে। কত কিলোমিটার যানযট ছিল এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, চট্টগ্রাম থেকে ফেনী পর্যন্ত প্রায় ৭০ থেকে ৮০ কিলোমিটার যানযট ছিল রাতভর।