ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৪০ কিলোমিটার এলাকায় গতকাল শুক্রবার দিনভর যানজটে আটকা পড়ে যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়েছে।ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ জানায়, ২১ জুন রাত তিনটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাউদকান্দি উপজেলার রায়পুর দিঘীরপাড় নামক স্থানে চট্টগ্রাম থেকে ঢাকাগামী লোহাবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে উল্টে গেলে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে মহাসড়কের দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ থেকে দাউদকান্দি মেঘনা-গোমতী সেতু পর্যন্ত ২০ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়। ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকা পড়ে রোগী, নারী, শিশু যাত্রীরা দুর্ভোগে পড়ে।দাউদকান্দি উপজেলার কুশিয়ারা গ্রামের ফারুক আহমেদ বলেন, তিনি সকালে বিএসএস (বাউবি) ষষ্ঠ সেমিস্টারের পরীক্ষা দিতে কুমিল্লায় রওনা দিয়ে বেলা দুইটায় পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে পারেননি। ফেনী থেকে ঢাকাগামী স্টারলাইন পরিবহনের বাসের চালক আজম পাটোয়ারী বলেন, সকাল সাতটায় ফেনী থেকে ছাড়ার পর সকাল সাড়ে ১০টায় ঢাকায় পৌঁছার কথা থাকলেও বেলা দুইটায় যানজটে দাউদকান্দিকে আটকা পড়ে থাকতে হয়েছে।