ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদে ঘরমুখী মানুষের ভিড় থাকলেও ঢাকা চট্টগ্রাম মহাসড়কে আজ শনিবার যানজট কিছুটা কম। পুলিশের ভাষ্য, একটি কারণে আজ যানজট কিছুটা কম। সেটা হলো, ঈদ সামনে রেখে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দিয়ে ট্রাক-কাভার্ডভ্যান-লরি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।

এ ছাড়া আজ শনিবার পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক মেঘনা-গোমতী সেতুর টোল প্লাজা এলাকা পরিদর্শন করেছেন।

চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক এস এম মনিরুজ্জামান বলেন, ঈদকে সামনে রেখে মহাসড়কে যানজট নিরসনের পাশাপাশি চুরি-ডাকাতি, ছিনতাই, মলমপার্টির তৎপরতা ঠেকাতে পুলিশ সক্রিয় ভূমিকা পালন করবে।

হাইওয়ে পুলিশ কুমিল্লা অঞ্চলের অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ বলেন, যোগাযোগ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, ঈদ সামনে রেখে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক যানজটমুক্ত রাখার ব্যবস্থা করা হয়েছে। এ জন্য শুক্রবার রাত ১২টা থেকে মহাসড়ক দিয়ে ট্রাক-কাভার্ডভ্যান-লরিসহ পণ্যবাহী যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। এ ধরনের যানবাহন চলাচল সাত দিন বন্ধ থাকবে। মহাসড়ক যানজটমুক্ত করতে শুক্রবার সকাল থেকেই পণ্যবাহী যানবাহন আটকে দেওয়া হয়েছিল। জট কমার পর ধীরে ধীরে তা ছেড়ে দেওয়া হয়।

দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, যানজট নিরসনে আমরা দায়িত্ব পালন করে যাচ্ছি।