ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট ছাড়ছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর ফাজিলপুর থেকে সীতাকুণ্ড পর্যন্ত ৮০ কিলোমিটার এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। গত সোম ও মঙ্গলবার রাতে ফাজিলপুর, মিরসরাই ও সীতাকুণ্ডে পৃথক তিনটি সড়ক দুর্ঘটনার কারণে দেশের গুরুত্বপূর্ণ এই মহাসড়কে যানজটের সৃষ্টি হয় বলে জানা গেছে। ফলে ছয় ঘণ্টা দূরত্বের এ পথে এখন ১৪ ঘণ্টা সময় লাগছে।হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, ফেনীর ফাজিলপুরে গত মঙ্গলবার রাত ১২টার দিকে ট্রাক ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষের পর মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে দুর্ঘটনাস্থলের উভয় দিকে ধীরে ধীরে যানবাহনের সারি দীর্ঘ হতে থাকে। গতকাল বুধবার সকাল নয়টার দিকে দুর্ঘটনাকবলিত যান দুটি সরিয়ে যানবাহন চলাচলের ব্যবস্থা করা হয়। দীর্ঘ সময় যানজটে আটকে থাকা যানবাহন নিয়মনীতি না মেনে একে অন্যকে টপকে যাওয়ার কারণে আবার যানজট লেগে যায়।এর আগে সোমবার রাতে সীতাকুণ্ডের বড় দারোগারহাট এবং মিরসরাইয়ের নয়দুয়ারিয়া এলাকায় মহাসড়কে গর্তে পড়ে স্কেল ভেঙে দুটি ট্রাক আটকা পড়ে। ১০ কিলোমিটার পথের ব্যবধানে দুটি দুর্ঘটনার কারণে সীতাকুণ্ড ও মীরসরাইয়ের প্রায় ৪০ কিলোমিটার এলাকায় যানজট লাগে। এ যানজট পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আগেই ফাজিলপুরে দুর্ঘটনা ঘটে। ফলে গতকাল বুধবার রাত পর্যন্ত মহাসড়কের সীতাকুণ্ড, মিরসরাই, ফেনী ও কুমিল্লা অংশের প্রায় ৮০ কিলোমিটার অংশজুড়ে যানজট লেগেছিল।হাইওয়ের সহকারী পুলিশ সুপার (এএসপি) ডিএম আশরাফ প্রথম আলোকে বলেন, মহাসড়কের গর্তে পড়ে পণ্যবাহী যানবাহন প্রায়ই বিকল হচ্ছে। এরপর চালকদের অসচেতনার কারণে যানজটের সৃষ্টি হচ্ছে। মহাসড়কে চলাচলের অযোগ্য লক্কর-ঝক্কর গাড়ির কারণে যানজট বেশি হচ্ছে। ঈদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঘরমুখো মানুষের কোনো ভোগান্তি না হলেও এখন কেন হচ্ছে, জানতে চাইলে এএসপি বলেন, তখন চট্টগ্রাম বন্দরের পণ্য পরিবহন বন্ধ থাকায় ট্রাক, কাভার্ড ভ্যান ও লরি চলাচল বন্ধ ছিল। গতকাল রাতে কয়েকটি এলাকা ঘুরে এবং প্রতিনিধিদের পাঠানো তথ্যে দেখা গেছে, বড় দারোগার হাট থেকে ঢাকার দিকে ফেনীর ধুম পর্যন্ত ৩৭ কিলোমিটার সড়কে যানবাহনের দীর্ঘ সারি। আবার সামান্য পথ বাদ দিয়ে ধুম থেকে মোহাম্মদ আলী পর্যন্ত প্রায় ১৭ কিলোমিটার পথে যানজট। আবার সীতাকুণ্ড, বাড়বকুণ্ড ও ভাটিয়ারী এলাকায় দ্বিমুখী যানবাহনের অন্তত ২৫-২৬ কিলোমিটার দীর্ঘ সারি পড়েছে। মিরসরাইয়ে আটকা পড়া ট্রাকের চালক আনোয়ার হোসেন, লক্ষ্মীপুর থেকে আসা বাসের চালক সফিকুর রহমান জানান, বারইয়ারহাট এলাকা থেকে মিরসরাই পৌঁছাতে তাঁদের সময় লেগেছে প্রায় তিন ঘণ্টা। রাস্তায় যানজট না থাকলে এ পথ আসতে সময় লাগত মাত্র ২০ মিনিট। মস্তাননগর এলাকার অরবিন্দু আচার্য জানান, ফেনীর উদ্দেশে বাসে উঠে ছাগলনাইয়া উপজেলার মুহুরীগঞ্জ গিয়ে তীব্র যানজটে পড়েন। পরে বাধ্য হয়ে ফেনী না গিয়ে তিনি বাড়ি ফিরেন।মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির বলেন, গত মঙ্গলবার ভোর থেকে রাস্তায় পুলিশ দায়িত্বপালন করছে। কিন্তু যানজট সারাতে পারছে না। পুলিশের চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. আছাদুজ্জামান মিয়া বলেন, স্থায়ীভাবে যানজট নিরসনে হাইওয়ে পুলিশকে পর্যাপ্ত লোকজন, প্রয়োজনীয় রেকার দিয়ে সমৃদ্ধ করতে হবে।