ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট, দুর্ভোগে যাত্রীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা উপজেলার মাতাইয়া এলাকায় আজ বৃহস্পতিবার ভোর ছয়টা থেকে বেলা একটায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন ঈদে ঘরমুখো যাত্রীরা।

স্থানীয় লোকজন ও পুলিশ জানিয়েছে, ভোর ছয়টার দিকে মাতাইয়া এলাকায় ঢাকাগামী মালবাহী একটি ট্রাক বিকল হয়ে পড়ে। ফলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দির বারপাড়া থেকে কুমিল্লা সেনানিবাস পর্যন্ত প্রায় ৪৫ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকা পড়ে দুর্ভোগ পোহাচ্ছেন যাত্রীরা।

কুমিল্লার ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশের সার্জেন্ট মো. আরশাদ মিয়া বলেন, বিকল হওয়া ট্রাকটি আধা ঘণ্টার মধ্যে সরিয়ে ফেলা হয়। কিন্তু গাড়ির অতিরিক্ত চাপ থাকায় এবং চালকেরা এলোপাতাড়ি গাড়ি রাখায় এ যানজটের সৃষ্টি হয়েছে। যানজট নিরসনে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

কুমিল্লা শহর থেকে দাউদকান্দিগামী একতা পরিবহন বাসের যাত্রী মো. মহিউদ্দিন মিয়া বলেন, সকাল আটটার দিকে তিনি কুমিল্লা শহর থেকে বাসে ওঠেন। এক ঘণ্টার পথ পার হতে চার ঘণ্টা সময় লেগেছে বলে জানান তিনি।

ঢাকা থেকে চট্টগ্রামগামী কাভার্ড ভ্যানের চালক সুমন মিয়া জানান, সকাল আটটায় তিনি দাউদকান্দি বারপাড়ায় যানজটে আটকে পড়েন। দুপুর ১২টার দিকেও তিনি আটকে রয়েছেন।