ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ট্রাক, কাভার্ড ভ্যানসহ বড় মালবাহী যান চলাচল কমে যাওয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা, গজারিয়া এবং সোনারগাঁ অংশে আজ শুক্রবার বেলা ১১টা পর্যন্ত কোনো যানজট দেখা যায়নি। এই মহাসড়কের অন্য কোথাও যানজটের খবর পাওয়া যায়নি।

ঈদ সামনে রেখে ঘরমুখী মানুষের নির্বিঘ্নে বাড়ি যেতে মহাসড়কে হাইওয়ে ও থানা-পুলিশ তৎপর রয়েছে।

গতকাল বৃহস্পতিবার রাত ১২টায় চট্টগ্রাম থেকে ও ঢাকা থেকে ছেড়ে আসা কয়েকটি বাসের চালক ও যাত্রীরা জানান, তাঁরা পথে কোনো যানজট পাননি।

দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ঘরমুখী মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে হাইওয়ে ও থানা-পুলিশ এবং অতিরিক্ত পুলিশ দায়িত্ব পালন করে যাচ্ছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কোথাও যানজটের খবর পাওয়া যায়নি।