ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই-সীতাকুণ্ড অংশের প্রায় ৭০ কিলোমিটার এলাকায় তীব্র যানজটে ওই সড়কে চলাচলকারীদের অসহনীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে। গত সোমবার রাত থেকে গতকাল বিকেল পর্যন্ত মহাসড়কে যানজট অব্যাহত ছিল। মহাসড়কটি চার লেনে উন্নীতকরণের কাজ আগামী অক্টোবরেও শুরু হচ্ছে না বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছে। পুলিশ ও ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সোমবার রাতে মিরসরাই উপজেলার বড় দারোগার হাট ও নয়দুরারিয়া এলাকায় দুটি মালবাহী ট্রাক বিকল হয়ে পড়ে। প্রয়োজনীয় জনবল ও সরঞ্জাম (রেকার) না থাকায় সময়মতো ট্রাক দুটি সরানো যায়নি। ফলে মহাসড়কে যানজট সৃষ্টি হয় প্রায় ৭০ কিলোমিটার পর্যন্ত। এতে সড়কের উভয় পাশে হাজার হাজার যানবাহন আটকা পড়ে। পরিবহন ব্যবসায়ী আলী আহসান জানান, তাঁর একটি বাস গতকাল মঙ্গলবার সকাল আটটায় চট্টগ্রামের মাদারবাড়ী এলাকা থেকে মিরসরাইয়ের বারইয়ার হাটের উদ্দেশে রওনা দেয়। কিন্তু বিকেল পর্যন্ত সেটি বারইয়ারহাট পৌঁছায়নি। মুঠোফোনে তিনি গাড়ির চালকের সঙ্গে কথা বলে জেনেছেন গাড়িটি এখনো মিরসরাই উপজেলার বড়তাকিয়া এলাকায় যানজটে আটকে আছে। এই সংবাদ জানার পরে তাঁর অন্য গাড়ির চালক আর চট্টগ্রামে যেতে রাজি হননি।গতকাল দুপুর আড়াইটায় মিরসরাই সদরে কথা হয় চট্টগ্রাম থেকে আসা আনোয়ার পাশার সঙ্গে। তিনি জানান, সকাল সাতটায় তাঁর মেয়েকে নিয়ে তিনি চট্টগ্রাম থেকে জোরারগঞ্জের উদ্দেশে রওনা দেন। বেলা আড়াইটা পর্যন্ত তিনি জোরারগঞ্জ পৌঁছাতে পারেননি। তাঁর বাসটি নিজামপুর এলাকায় যানজটে আটকা পড়ে আছে। তিনি তাঁর ছোট্ট মেয়ের কষ্ট সহ্য করতে না পেরে সিএনজি অটোরিকশাযোগে মিরসরাই এসেছেন। এখন অন্য একটি অটোরিকশা খোঁজ করছেন জোরারগঞ্জ যাওয়ার জন্য। মিরসরাই থানার উপপরিদর্শক (এস আই) অংশা থোয়াই জানান, গতকাল ভোর থেকে রাস্তায় পুলিশ দায়িত্ব পালন করলেও যানজট নিয়ন্ত্রণ করতে পারছেন না। চট্টগ্রাম হাইওয়ে পুলিশের সহকারী পুলিশ সুপার ডি এম আশরাফ জানান, মহাসড়ক চার লেনে উন্নীত করার আগে প্রয়োজনীয় জনবল ও সরঞ্জাম ব্যতীত মহাসড়কের যানজট সহনীয় পর্যায়ে আনা সম্ভব নয়। মহাসড়ক চার লেনে উন্নীতকরণ প্রকল্পের উপব্যবস্থাপনা প্রকল্প কর্মকর্তা মোকাদ্দেস হোসেন জানান, আগামী অক্টোবরের শেষের দিকে কনসালটেন্ট নিয়োগ দেওয়া হবে। তারপর বিভিন্ন বিষয় পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁরাই সিদ্ধান্ত দেবেন, কখন কাজ শুরু হবে।