ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজটে বেড়েছে পণ্য পরিবহন খরচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কখন গাড়ি ছাড়বে ঠিক নেই। ভ্যাপসা গরম আর যানজটে অস্থির যাত্রীরা নেমে দাঁড়িয়েছেন পথে। ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে মিরসরাই উপজেলার সুফিয়া রাস্তার মাথার দৃশ্য।  ছবি: ইকবাল হোসেন
কখন গাড়ি ছাড়বে ঠিক নেই। ভ্যাপসা গরম আর যানজটে অস্থির যাত্রীরা নেমে দাঁড়িয়েছেন পথে। ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে মিরসরাই উপজেলার সুফিয়া রাস্তার মাথার দৃশ্য। ছবি: ইকবাল হোসেন
>


• ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক
• ৭০ কিলোমিটারব্যাপী যানজট বিকল্প সড়ক ব্যবহার শুরু
• ট্রেনে অতিরিক্ত বগি সংযোজন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজটের বিরূপ প্রভাব পড়েছে আমদানি-রপ্তানি পণ্য পরিবহনের খরচে। দু–তিন দিনের ব্যবধানেই পরিবহন খরচ প্রায় ৫০ শতাংশ বেড়ে গেছে।

ফেনীর ফতেহপুর রেলক্রসিংয়ের ওপর উড়ালসেতুর নির্মাণকাজ চলার কারণে এই মহাসড়কে গতকাল শুক্রবার যানজট আরও বিস্তৃত হয়েছে। যাত্রীদের দুর্ভোগ এড়ানোর জন্য গতকাল বিকেল চারটায় বিকল্প সড়ক ব্যবহার শুরু হয়েছে। চট্টগ্রামগামী পরিবহন কুমিল্লার লাকসাম এবং নোয়াখালীর সোনাইমুড়ী হয়ে ফেনীর মহিপাল দিয়ে পার করিয়ে দিচ্ছে হাইওয়ে পুলিশ।

তবে এতে বিশেষ সুবিধা হয়নি। গতকাল এই মহাসড়কে যানজট ৭৭ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হয়। যাত্রীর চাপ সামাল দিতে গতকাল চারটি আন্তনগর ট্রেনে অতিরিক্ত বগি সংযোজন করা হয়েছে। 

যানজট

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গতকাল বিকেলে ফেনীর প্রায় ৪৭ কিলোমিটার দক্ষিণে সীতাকুণ্ডের কাছাকাছি এবং ৩১ কিলোমিটার উত্তরে কুমিল্লার চৌদ্দগ্রাম পর্যন্ত যানজট বিস্তৃত ছিল। উড়ালসেতু নির্মাণকাজের কারণে মহাসড়কের রেলক্রসিং অংশের আধা কিলোমিটার রাস্তায় গাড়ি চলাচল একমুখী করা হয়েছে। বৃষ্টি হলে এই আধা কিলোমিটারে গাড়ি চলাচল সাময়িক বন্ধ থাকে।

ফেনী জেলা পুলিশ পরিদর্শক (ট্রাফিক) মীর গোলাম ফারুক বলেন, মহাসড়কের উত্তরে চৌদ্দগ্রাম এবং দক্ষিণে সীতাকুণ্ড পর্যন্ত প্রায় ৭৮ কিলোমিটার যানজট বিস্তৃত। কুমিল্লার লাকসাম দিয়ে চট্টগ্রামমুখী যাত্রীবাহী গাড়ি চালু করায় যানজট ধীরে ধীরে কমে আসবে। 

বিকল্প পথ ব্যবহার শুরু

মহাসড়ক স্থবির থাকায় চট্টগ্রাম, নোয়াখালীগামী সব ধরনের যাত্রীবাহী ও ব্যক্তিগত গাড়ি কুমিল্লার লাকসাম এবং নোয়াখালীর চৌমুহনী হয়ে ফেনীর মহিপাল দিয়ে পার করে দিচ্ছে হাইওয়ে পুলিশ। গতকাল বিকেলে বিকল্প পথ ব্যবহার শুরু হয়। তবে পণ্যবাহী ট্রাক ও কাভার্ড ভ্যান বিকল্প পথ দিয়ে চলাচল ঝুঁকিপূর্ণ বলে মহাসড়ক দিয়ে চলাচল করবে। কারণ, বিকল্প এই সড়কটি দুই লেনের এবং এতে ঢাকা-চট্টগ্রামের দূরত্ব প্রায় ৪৫ কিলোমিটার বাড়ছে।

কুমিল্লা হাইওয়ে পুলিশ সুপার নজরুল ইসলাম বলেন, ‘সাধারণ যাত্রীদের দুর্ভোগের কথা বিবেচনা করে যাত্রীবাহী গাড়ি লাকসাম ও নোয়াখালী হয়ে বিকল্প সড়ক দিয়ে চট্টগ্রামের দিকে পার করিয়ে দিচ্ছি।’ 

পণ্য পরিবহন খরচ বৃদ্ধি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দেশের ‘লাইফ লাইন’ হিসেবে বিবেচিত। দেশের আমদানি-রপ্তানির ৯০ শতাংশ সমুদ্রপথ দিয়ে হয়ে থাকে। যানজট হলে রপ্তানি পণ্য সঠিক সময়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছানো কষ্টসাধ্য হয়। অনেক সময় রপ্তানি পণ্য জাহাজীকরণ (জাহাজে তুলে দেওয়া) সম্ভব হয় না। তাই গাড়ির মালিকেরা এক-দেড় দিন বেশি সময় নিয়ে ট্রাক বা কাভার্ড ভ্যানে পণ্য তুলে দিচ্ছেন। পরিবহন সময় বেশি লাগার কারণে ট্রাক ভাড়া ৫০ শতাংশ বাড়িয়ে দিয়েছে মালিক সংগঠন।

আন্তজেলা মালামাল পরিবহন সংস্থা ট্রাক ও কাভার্ড ভ্যান মালিক সমিতির সাধারণ সম্পাদক চৌধুরী জাফর আহমেদ বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাক বা কাভার্ড ভ্যানে আমদানি-রপ্তানি পণ্য পরিবহন ভাড়া ২০–২১ হাজার টাকা ছিল। তখন ৯–১০ ঘণ্টার মধ্যে ঢাকা ও চট্টগ্রাম বন্দরের গন্তব্যে পণ্য পৌঁছানো যেত।