ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজটের মূলে

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের বাড়বকুণ্ড এলাকায় আজ শুক্রবার সকাল থেকে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।
পুলিশ ও স্থানীয় লোকজনের ভাষ্য, বাড়বকুণ্ড বাজার এলাকায় মহাসড়কের পাশে ফুটপাত দখল করে অবৈধ দোকান নির্মাণ করায় এমন যানজট সৃষ্টি হয়েছে।
স্থানীয় বাসিন্দা আবদুল্লাহ আল ফারুক প্রথম আলোকে বলেন, সকাল নয়টার পর থেকে বাড়বকুণ্ড বাজার এলাকায় যানজটের সৃষ্টি হয়। গত দুই দিন ধরে কম বেশি যানজট লেগে আছে ওই জায়গায়। মহাসড়কের পাশে অবৈধ দোকান তৈরি, সড়কের ওপর ইট-বালি রাখা ও বাজারের ওপর সিএনজি চালিত অটোরিকশা ঘোরানোর কারণেও এ যানজট লেগে যায়। এ পরিস্থিতি বজায় থাকলে ঈদের আগে তা ভয়াবহ আকার ধারণ করবে।
কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সার্জেন্ট জিল্লুর রহমান প্রথম আলোকে বলেন, বাড়বকুণ্ড বাজার এলাকায় মহাসড়ক অনেকটা সরু। তার ওপর সড়কে অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাটের কারণে হালকা যানজটের সৃষ্টি হয়েছে। এছাড়া মহাসড়কে গাড়ির চাপও একটু বেশি। তবে এ যানজট স্থায়ী নয়। গাড়িগুলো ওই বাজার পার হলে সীতাকুণ্ডের আর কোথাও যানজটে পড়ে না। যানজট মুক্ত রাখতে অবৈধ দোকানগুলো উচ্ছেদ করা প্রয়োজন। তিনি এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) বিষয়টি জানাবেন।
মহাসড়কের বাড়বকুণ্ড বাজার এলাকায় অবৈধভাবে দোকান গড়ে ওঠার বিষয়টি স্বীকার করে ইউএনও মুহম্মদ শাহীন ইমরান বলেন, ওই এলাকা পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।