ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে রাত থেকে যানজট

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডে যানজটে আটকা পড়েছে শতাধিক গাড়ি। চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। গতকাল রোববার গভীর রাত থেকে আজ সোমবার সকাল সাড়ে ১০টায় শেষ খবর পাওয়া পর্যন্ত যানজট চলছে।
হাইওয়ে পুলিশ বলছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওই অংশে সংস্কার কাজের জন্য সম্প্রসারিত চার লেনের মধ্যে দুই লেন বন্ধ করে দিয়েছে সড়ক ও জনপদ বিভাগ (সওজ)। এ কারণে যানজটের সৃষ্টি হয়েছে।
হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গতকাল রোববার দিবাগত রাত একটার দিকে সীতাকুণ্ডের ছোট দারোগাহাট ও পন্থিছিলা বটতল এলাকায় দুটি গাড়ি নষ্ট হয়। সম্প্রসারিত চার লেন বন্ধ থাকায় গাড়ি দুটি সরিয়ে নিতে দেরি হয়। এতে যানজটের সৃষ্টি হয়। এ সময় আটকা পড়া গাড়িগুলো এলোমেলোভাবে চলতে থাকে। এতে যানজট বাড়ে। যানজট অন্তত ২০ কিলোমিটার এলাকা ছাড়িয়ে যায়।

মহাসড়কের বিভিন্ন জায়গা ঘুরে দেখা গেছে, যানজটে আটকা পড়া গাড়িগুলো থেমে থেমে চলছে। কখনো একেবারেই দাঁড়িয়ে আছে। জট ছাড়াতে কুমিরা হাইওয়ে পুলিশের পাশাপাশি বারআউলিয়া হাইওয়ে থানা থেকে অতিরিক্ত পুলিশ আনা হয়েছে।
সুলতানা মন্দির এলাকায় ঢাকামুখী একটি ট্রাকের চালক আবদুর রশিদ বলেন, ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে আছি। কোথায় দুর্ঘটনা হয়েছে জানি না। কবে যানজট ছাড়বে তাও বুঝতে পারছি না।
কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সার্জেন্ট জিল্লুর রহিমের ভাষ্য, মহাসড়কের সম্প্রসারিত চার লেনের দুই লেন মাটি দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। এখন একটি গাড়ি ধীরে চললেই যানজট লেগে যায়। বৃষ্টির কারণে হাইওয়ে পুলিশের কাজে সমস্যা হচ্ছে। যানজট দূর করার চেষ্টা চলছে।