ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে স্বস্তির যাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদে বাড়ি যাওয়ার সময় প্রতিবছরই পোহাতে হয় দুর্ভোগ। ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে থাকতে হয় ঘরে ফেরা মানুষগুলোকে। শেষ পর্যন্ত ঈদের আনন্দযাত্রা আর আনন্দের থাকে না। তবে এবার ঈদযাত্রা অনেকটা স্বস্তির। যাত্রীদের জন্য আনন্দের।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আজ রোববার বেলা তিনটা পর্যন্ত বড় ধরনের কোনো যানজটের খবর পাওয়া যায়নি। গত শুক্রবার থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পণ্যবাহী যান চলাচল কমে যাওয়ায় এবং পুলিশের তত্পরতা বেড়ে যাওয়ায় যাত্রা এবার অনেকটাই নির্বিঘ্ন।

দাউদকান্দি উপজেলার সাতারদিয়া গ্রামের ঝরনা আক্তার ও তাঁর ভাই নজরুল ইসলাম সোহাগ বলেন, ‘অন্যান্য বছর ঈদে বাড়ি যাওয়ার জন্য ঢাকা থেকে রওনা দিয়ে পথের শঙ্কা মনের মধ্যে থাকত। আজ রওনা দিয়ে খুবই কম সময়ে বাড়ি পৌঁছাতে পেরেছি।’

ঢাকা-হোমনা সড়কের বাসচালক আক্তার হোসেন বলেন, অন্যান্য বছর একবার ঢাকা আসতে-যেতেই দিন শেষ হয়ে যেত। শুক্রবার থেকে পণ্যবাহী গাড়িগুলো চলাচল কমে যাওয়ায় ঢাকায় স্বাভাবিকভাবে আসা-যাওয়া করা যায়।

উপজেলার বারইকান্দি গ্রামের কলেজছাত্রী সুপ্তি দাস বলেন, ‘রোববার সকালে কুমিল্লা থেকে রওনা দিয়ে দাউদকান্দির গৌরীপুরে পৌঁছতে মাত্র এক ঘণ্টা সময় লেগেছে। এ ব্যবস্থা সবসময় থাকলে যাতায়াতে চিন্তামুক্ত থাকতে পারতাম।’

দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ‘ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পণ্যবাহী যানবাহন চলাচল কমে যাওয়ায় এবং আমাদের তত্পরতায় শুক্রবার থেকে আজকে পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নির্বিঘ্ন যাত্রা অব্যাহত রাখতে পেরেছি।’