ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার বাউসিয়া এলাকায় গতকাল মঙ্গলবার ভোরে একটি কাভার্ড ভ্যান বিকল হলে সড়কের উভয় পাশে ২০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। যানজটে আটকা পড়ে বিভিন্ন যানবাহনের চালক ও যাত্রীরা ব্যাপক দুর্ভোগের শিকার হয়।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোর চারটার দিকে মহাসড়কের ওই স্থানে চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি কাভার্ড ভ্যানের পেছনের চাকা খুলে গেলে যানটি মহাসড়কের ওপর বিকল হয়ে পড়ে থাকে। সকাল নয়টার দিকে গজারিয়া হাইওয়ে পুলিশ নারায়ণগঞ্জ থেকে উচ্চক্ষমতাসম্পন্ন হাইড্রোলিক রেকার এনে বিকল যানটি মহাসড়ক থেকে সরিয়ে নিলেও দুপুর একটা পর্যন্ত যানজট অব্যাহত থাকে। দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবারকল্যাণ পরিদর্শক রাবেয়া আক্তার বলেন, রায়পুর থেকে গৌরীপুর পর্যন্ত চার কিলোমিটার সড়ক অতিক্রম করতে তাঁর এক ঘণ্টারও বেশি সময় লেগেছে।দাউদকান্দি হাইওয়ে পুলিশের হাবিলদার কামরুল ইসলাম বলেন, মেঘনা ও মেঘনা-গোমতী সেতুর মাঝামাঝি স্থানে উচ্চ ধারণক্ষমতাসম্পন্ন হাইড্রোলিক রেকার না থাকায় বড় কোনো যানবাহন বিকল অথবা দুর্ঘটনায় পতিত হলে সেটি দ্রুত সরিয়ে নেওয়া সম্ভব হয় না। কুমিল্লা অথবা নারায়ণগঞ্জ থেকে হাইড্রোলিক রেকার এনে দুর্ঘটনাকবলিত অথবা বিকল যানবাহন অন্যত্র সরাতে হয়। এতে অনেক সময় লেগে যায়। ফলে বড় ধরনের যানজটের সৃষ্টি হয়।গজারিয়া হাইওয়ে পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) আশরাফ সিদ্দিকী বলেন, ধারণক্ষমতার অতিরিক্ত ওজনের মালামাল বহন করায় প্রায়ই মহাসড়কে দুর্ঘটনাসহ যান বিকল হওয়ার ঘটনা ঘটছে। এ ছাড়া হাইড্রোলিক রেকার পর্যাপ্ত না থাকায় দুর্ঘটনায় পতিত যানবাহন দ্রুত সরানো সম্ভব হচ্ছে না।