ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫০ কিলোমিটার দীর্ঘ যানজট, দুর্ভোগ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই এলাকায় গত মঙ্গলবার রাতে তিনটি যান পৃথক তিন স্থানে বিকল হয়ে পড়ায় ৫০ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ফলে তীব্র দুর্ভোগ পোহাতে হয় কয়েক হাজার যাত্রীকে। পুলিশ সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার গভীর রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই এলাকায় দুটি ট্রাক ও একটি বাস বিকল হয়ে পড়ায় প্রায় ৫০ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ফলে বিভিন্ন যানবাহনের কয়েক হাজার যাত্রী চরম দুর্ভোগের শিকার হয়। কয়েকজন যাত্রী জানায়, তারা রাত সাড়ে নয়টায় মিরসরাইয়ের উদ্দেশে চট্টগ্রাম থেকে বাসে ওঠে। রাত তিনটায় তারা গন্তব্যে পৌঁছায়। কিন্তু চট্টগ্রাম থেকে মিরসরাই আসতে সময় লাগে মাত্র দেড় থেকে দুই ঘণ্টা। বুধবার এ রিপোর্ট লেখা পর্যন্ত মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়নি। থেমে থেমে যানজট লেগেই আছে।জোরারগঞ্জ হাইওয়ে পুলিশের উপপরিদর্শক আহসান হাবিব জানান, মহাসড়কে দুটি ট্রাক দুর্ঘটনায় যানজটের সৃষ্টি হলেও রাতে ট্রাকগুলো সরিয়ে নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, যানজট নিরসনে হাইওয়ে পুলিশ সদস্যরা চেষ্টা করে যাচ্ছেন।