ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার দাউদকান্দির গৌরীপুর থেকে সেনানিবাস পর্যন্ত ৫০ কিলোমিটার এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। গতকাল বুধবার দিবাগত রাত একটার দিকে একদল ডাকাত গাছ কেটে মহাসড়ক আটকে দিলে এই যানজটের সৃষ্টি হয়।
ঘটনার আধা ঘণ্টার পর গাছ সরিয়ে নিলেও সেই যানজট এখনো অব্যাহত রয়েছে। এতে ঘণ্টার পর ঘণ্টা যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।
কুমিল্লা থেকে ঢাকাগামী এশিয়া লাইন বাসের যাত্রী কুমিল্লা শহরের বাসিন্দা চাকরিজীবী তোফাজ্জল হোসেন (২৬) বলেন, ভোর ছয়টায় বাসে রওনা দিয়ে কুমিল্লা সেনানিবাস এলাকায় এসে এক ঘণ্টা বসে থাকতে হয়। এরপর তিনি বাস থেকে নেমে কয়েক কিলোমিটার হেঁটে সিএনজিচালিত অটোরিকশায় ওঠেন। প্রায় ৪০ কিলোমিটার পথ অটোরিকশায় পাড়ি দিতে পৌনে তিন ঘণ্টা লাগে।
দাউদকান্দির সুন্দলপুর গ্রামের মো. ফরহাদ (৩২) বলেন, চান্দিনা সদর থেকে সকাল আটটায় রওনা দিয়ে দাউদকান্দির গৌরীপুর পর্যন্ত ২৭ কিলোমিটার পথ সিএনজিচালিত অটোরিকশায় করে যেতে দুই ঘণ্টারও বেশি সময় লেগেছে।
চট্টগ্রাম থেকে ঢাকাগামী ট্রাকের চালক কামাল হোসেন (৩৩) জানান, রাত দেড়টায় কুমিল্লা সেনানিবাস এলাকায় এসে যানজটে আটকা পড়ে দাউদকান্দির আমিরাবাদ পর্যন্ত ৪৬ কিলোটির পথ অতিক্রম করতে সাড়ে সাত ঘণ্টা সময় লেগেছে।
ইলিয়টগঞ্জ সড়ক পুলিশের ইনচার্জ সার্জেন্ট মো. হাসান ও দাউদকান্দি সড়ক পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, রাত একটার দিকে একদল ডাকাত দাউদকান্দির জিংলাতলী ও রায়পুরের মাঝামাঝি স্থানে মহাসড়কে গাছ ফেলে যানবাহনের গতিরোধ করে ডাকাতির চেষ্টা করলে এ যানজটের সৃষ্টি হয়। তবে সড়ক পুলিশ খবর পেয়ে তাত্ক্ষণিক ঘটনাস্থলে পৌঁছালে যাত্রীরা ডাকাতির হাত থেকে রক্ষা পান। গাছ অন্যত্র সরিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করলেও অতিরিক্ত ও এলোপাতাড়িভাবে যানবাহন চলাচলের কারণে যানজট লেগেই আছে।