ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডে তীব্র যানজট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবশেষে অবরোধ ভেঙে যানচলাচল শুরু করেছে। গত বুধবার রাতভর পুলিশি পাহারায় গাড়ি পারাপারের পর গতকাল সকাল নয়টা থেকে পুলিশি পাহারা ছাড়াই চালকেরা গাড়ি চালানো শুরু করেন।
বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভাটিয়ারী মাদামবিবিরহাট এলাকায় যানজট দেখা দেয়। বিকেল তিনটা নাগাদ এ যানজট নগরের প্রবেশদ্বার সিটি গেট পর্যন্ত ছাড়িয়ে যায়। গাড়ির চাপ সামাল দিতে পুলিশকে হিমশিম খেতে হয়।
পুলিশ ও চালক সূত্রে জানা যায়, টানা ছয় দিনের অবরোধে চট্টগ্রাম নগর ও বন্দরে শত শত মালবাহী গাড়ি আটকা পড়ে। এদিকে আবারও ৭২ ঘণ্টা অবরোধের ঘোষণা দেওয়ার পর পাঁচ দিনের মাথায় চালকেরা গাড়ি চালানো শুরু করে।
চালকেরা বলেন, অবরোধে পরিবারের সদস্যরা না খেয়ে মরার উপক্রম হয়েছেন। তাঁদের দেয়ালে পিঠ ঠেকে গেছে। তাঁরা আর অবরোধ মানবেন না।
কাভার্ডভ্যানের চালক বড়গুনার জসিম উদ্দিন বলেন, ‘পাঁচ দিন ধরে গাড়িতে মালামাল বোঝাই করেও আটকা পড়ে আছি বন্দরে। আবারও অবরোধ শুনে মহাসড়কের অবস্থার খবরাখবর নিয়ে সবার সঙ্গে যোগাযোগ করে ঝুঁকি নিয়ে রওনা হয়েছি। এই কদিনে বাড়িতে কোনো টাকা পয়সা দিতে পারিনি। পরিবারের সদস্যরা ভাতে-পানিতে কষ্ট করছে। আর কতদিন বসে থাকা যায়?’ কুষ্টিয়ার ট্রাকচালক মহিউদ্দীন বলেন, ‘মারা গেলেও কিছু করার নেই। বসে থাকলে পরিবারের ছয় সদস্য না খেয়ে মারা যাবে। তাই ঝুঁকি নিয়ে গাড়ি চালাতে শুরু করেছি।’
ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির সার্জেন্ট মো. কবির প্রথম আলোকে বলেন, ‘আমরা অবরোধের দায়িত্ব পালন করছিলাম। বেলা ১১টার দিকে হঠাৎ একযোগে শত শত গাড়ি মহাসড়কে উঠে যায়। জলিল গেট ও মাদামবিবিরহাট এলাকায় যানজট লেগে যায়।’