কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার লাটিমী এলাকায় গতকাল বুধবার ভোরে একটি মালবাহী ট্রাক ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পাঁচ ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। ফলে সৃষ্টি হয় দীর্ঘ যানজটের। অবর্ণনীয় দুর্ভোগে পড়ে যাত্রীরা।পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, গতকাল ভোর পাঁচটায় লাটিমী এলাকায় একটি ছোট সেতুর ওপর ওই দুর্ঘটনার পর পরই মালবাহী ট্রাকটিতে আগুন ধরে যায়। খবর পেয়ে ফেনীর মহিপাল হাইওয়ে থানা পুলিশ ও কুমিল্লার চৌদ্দগ্রাম থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় লোকজনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। সেতুর সঙ্গে আটকে যাওয়া একটি গাড়ি সরিয়ে নিতে দীর্ঘ সময় লেগে যায়। এতে দুর্ঘটনাস্থল থেকে কুমিল্লার মিয়ার বাজার পর্যন্ত প্রায় ২৫ কিলোমিটার এবং ফেনীর লালপুল পর্যন্ত সড়কে শত শত যানবাহন আটকা পড়ে। এ সময় চট্টগ্রাম থেকে কুমিল্লা বা ঢাকা অভিমুখী বিভিন্ন যানবাহন নোয়াখালীর চৌমুহনী হয়ে লাকসাম ধরে দীর্ঘ পথ ঘুরে গন্তব্যের উদ্দেশে রওনা হয়। সকাল ১০টার পর যানবাহন চলাচল শুরু হলেও তীব্র যানজটে যাত্রীদের নাকাল হতে হয়। উভয় গাড়ির চালক আহত অবস্থায় চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।