ঢাকা-চট্টগ্রাম রুটে আজ থেকে চলবে চট্টলা এক্সপ্রেস
ঢাকা-চট্টগ্রাম রুটে আজ সোমবার থেকে চালু হচ্ছে চট্টলা এক্সপ্রেস। এখন থেকে ঢাকা-চট্টগ্রাম রুটে মেইল ট্রেন দুবার চলাচল করবে। রাতে মেইল ট্রেন হিসেবে চলাচল করলেও দিনের বেলায় এর নাম হবে চট্টলা এক্সপ্রেস। ফলে এই পথে ট্রেনের সংখ্যা দাঁড়াবে সাত জোড়া। চট্টলা এক্সপ্রেস চালু হলে এ রুটের যাত্রীদের দুর্ভোগ কিছুটা কমে আসবে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।রেলওয়ে সূত্রে জানা গেছে, আজ থেকে চালু হওয়া চট্টলা এক্সপ্রেসের অধিকাংশ টিকিট ইতিমধ্যে বিক্রি হয়ে গেছে। এই ট্রেন উভয় পথে ঢাকা বিমানবন্দর, ভৈরববাজার, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, লাকসাম ও ফেনী স্টেশনে যাত্রাবিরতি করবে। এতে আসনসংখ্যা থাকছে ৭৮০টি।রেলওয়ে সূত্রে জানা গেছে, চট্টলা এক্সপ্রেস সকাল নয়টা ১০ মিনিটে কমলাপুর স্টেশন থেকে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যাবে। চট্টগ্রাম পৌঁছাবে বিকেল চারটা ৪০ মিনিটে। অন্যদিকে চট্টগ্রাম থেকে ছাড়বে সকাল ৯টা ২৫ মিনিটে আর ঢাকা পৌঁছাবে বিকেল ৪টায়।ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রতিদিন যানজট লেগে থাকার কারণে ট্রেনের টিকিটের জন্য মানুষ হুমড়ি খেয়ে পড়ছেন। কিন্তু ট্রেনের টিকিট নির্ধারিত দিনের চার-পাঁচ দিন আগেই শেষ হয়ে যাচ্ছে। ফলে নতুন এই ট্রেনের কারণে যাত্রীদের দুর্ভোগ কিছুটা লাঘব হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। রেলওয়ের জনসংযোগ কর্মকর্তা রশিদা সুলতানা বলেন, ‘প্রতিদিন রাতে এক জোড়া মেইল ট্রেন ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচল করে। এগুলো প্রতিদিন সকালে চট্টগ্রাম ও ঢাকায় পৌঁছে। মেইলের যাত্রীদের নামিয়ে ওই ট্রেন জোড়া আবার ঢাকা-চট্টগ্রাম রুটে চট্টলা এক্সপ্রেস নামে চলবে।’