ঢাকা-চট্টগ্রাম রুটে চট্টলা এক্সপ্রেসের যাত্রা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-চট্টগ্রাম রুটে গতকাল সোমবার ‘চট্টলা এক্সপ্রেস’ নামে এক জোড়া আন্তনগর ট্রেন চালু করা হয়েছে। প্রতিদিন ঢাকা থেকে সকাল নয়টা ১০ মিনিটে এবং চট্টগ্রাম থেকে নয়টা ২৫ মিনিটে গন্তব্যের উদ্দেশে ট্রেন দুটি ছাড়বে। ফলে গতকাল থেকে এই পথে ট্রেনের সংখ্যা দাঁড়াল সাত জোড়া।রেলওয়ে সূত্রে জানা গেছে, এখন থেকে ঢাকা-চট্টগ্রাম রুটে মেইল ট্রেন দুইবার চলাচল করবে। রাতে ‘মেইল ট্রেন’ হিসেবে চলাচল করলেও দিনের বেলায় এর নাম হবে ‘চট্টলা এক্সপ্রেস’। চট্টলা এক্সপ্রেস চালু হওয়ায় এ রুটে যাত্রীদের দুর্ভোগ কিছুটা কমবে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। গতকাল যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন কমলাপুর রেলস্টেশনে সবুজ পতাকা উড়িয়ে চট্টলা এক্সপ্রেসের যাত্রার উদ্বোধন করেন। অন্যদিকে চট্টগ্রাম রেলস্টেশনে একইভাবে সবুজ পতাকা উড়িয়ে চট্টলা এক্সপ্রেসের উদ্বোধন করেন সাংসদ আকতারুজ্জামান চৌধুরী। রেলওয়ের কর্মকর্তারা জানান, নতুন এই সার্ভিস চালুর কারণে প্রতিদিন প্রায় চার হাজার যাত্রী এ রুটে ভ্রমণ করতে পারবেন। ট্রেন দুটি বিমানবন্দর, ভৈরব, ব্রহ্মণবাড়িয়া, কুমিল্লা, লাকসাম ও ফেনীতে যাত্রাবিরতি করবে। এতে প্রথম শ্রেণীর শীতাতপনিয়ন্ত্রিত (এসি) ও শীতাতপ নিয়ন্ত্রণবিহীন (নন এসি) এবং সুলভ শ্রেণীর আসন থাকছে। ট্রেনের উদ্বোধন শেষে যোগাযোগমন্ত্রী বলেন, ২০১২ সালের মধ্যে রেলওয়েকে একটি লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তর করা হবে। সরকার রেলওয়ের জন্য নতুন সরঞ্জাম সংগ্রহের উদ্যোগ নিয়েছে। জনবল সংকট দূর করতে ইতিমধ্যে নিয়োগ-প্রক্রিয়া শুরু হয়েছে। মন্ত্রী আরও বলেন, চট্টগ্রাম দেশের অর্থনীতির প্রাণশক্তি। আমদানি-রপ্তানি বাণিজ্যের সিংহভাগই চট্টগ্রাম বন্দরের মাধ্যমে হয়ে থাকে। ব্যবসা-বাণিজ্য, পেশাগত কারণ, চিকিৎসাসেবা ছাড়াও নানা কারণে ঢাকা-চট্টগ্রাম একটি গুরুত্বপূর্ণ পথ। যাত্রী পরিবহন সেবা বাড়াতে রেলওয়ের বহরে আরও দুটি ট্রেন যুক্ত হলো। ঢাকা-দিনাজপুর রুটে শিগগিরই নতুন ট্রেন চালু হবে। চট্টলা এক্সপ্রেসের উদ্বোধনকালে সড়ক ও রেলপথ বিভাগের সচিব মোজাম্মেল হক খান, বাংলাদেশ রেলওয়ের ভারপ্রাপ্ত মহাপরিচালক টি এ চৌধুরীসহ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।