ঢাকা-চট্টগ্রাম রুটের দুটি ট্রেনে আসনবিহীন টিকিট বিক্রি বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচলকারী দুটি আন্তনগর ট্রেনে ‘স্ট্যান্ডিং’ বা ‘আসনবিহীন’ টিকিট বিক্রি হঠাৎ গত শুক্রবার সকাল থেকে বন্ধ করে দিয়েছে রেলওয়ের আখাউড়া জংশন কর্তৃপক্ষ। ট্রেন দুটি হলো চট্টগ্রাম থেকে ঢাকাগামী আন্তনগর মহানগর প্রভাতী ও ঢাকা থেকে চট্টগ্রামগামী মহানগর গোধূলি। রেলওয়ের ঢাকা নিয়ন্ত্রণ কক্ষের ১৬৯/১০ নম্বর আদেশ মূলে ওই টিকিট বিক্রি বন্ধ রয়েছে বলে জানানো হয়েছে। বৃহস্পতিবার রাতে এই আদেশটি আখাউড়া জংশন নিয়ন্ত্রণকক্ষে টেলিফোনে জানানো হয়।আখাউড়া বুকিং কার্যালয় সূত্রে জানা গেছে, মহানগর প্রভাতী ট্রেনে আখাউড়া থেকে প্রতিদিন দুই শতাধিক যাত্রী ভ্রমণ করে। এর বিপরীতে আসনের টিকিট মাত্র ৩০টি। বাকি টিকিটগুলো বিক্রি হয় আসনবিহীন। অন্যদিকে মহানগর গোধূলি ট্রেনে আসনের টিকিট রয়েছে ৫৫টি। এই ট্রেনটিতেও আসনবিহীন টিকিটে ভ্রমণ করে শতাধিক যাত্রী। আসনবিহীন টিকিট বিক্রি বন্ধ হওয়ার ফলে এই দুটি ট্রেনে ভ্রমণকারীরা দুর্ভোগে পড়েছে। বিশেষ করে ঈদের ছুটি শেষে এই স্টেশন থেকে কয়েক হাজার যাত্রী ঢাকা ও চট্টগ্রামে যেতে দুর্ভোগে পড়েছে।আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনের প্লাটফর্ম স্টেশন মাস্টারের কার্যালয় সূত্রে জানা গেছে, মহানগর প্রভাতী ও গোধূলি ট্রেন দুটি অতিরিক্ত যাত্রী বহন করতে পারছে না। তাই রেলওয়ের যান্ত্রিক বিভাগের পরামর্শে আসনবিহীন টিকিট বিক্রি বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।