ঢাকা-চট্টগ্রাম রেল যোগাযোগ স্বাভাবিক
ঢাকা-চট্টগ্রাম লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় লাইনচ্যুত হওয়া বগি থেকে ইঞ্জিনসহ সামনের পাঁচটি বগি বিচ্ছিন্ন করে মন্দভাগ স্টেশনে নেওয়ার পর বেলা দুইটার দিকে ওই লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। তবে অন্য দুটি লাইন বন্ধ রয়েছে।
কসবা রেলওয়ের স্টেশনের স্টেশন মাস্টার লুৎফুর রহমান মোল্লা বলেন, আখাউড়া রেলজংশন থেকে উদ্ধারকারী ট্রেন দুর্ঘটনাস্থলে পাঠাতে খবর পাঠানো হয়েছে। এটি আসলে লাইনচ্যুত হওয়া বগি উদ্ধার করা হবে। তবে বর্তমানে ঢাকা-চট্টগ্রাম লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
এর আগে আজ বৃহস্পতিবার দুপুর দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে কসবা রেলওয়ে স্টেশনে মালবাহী একটি ট্রেনের দুটি চাকা লাইনচ্যুত হয়। এতে চারটি রেলপথে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ থাকে।
রেলওয়ে সূত্র জানান, মালবাহী ট্রেনটি ঢাকা থেকে চট্টগ্রাম যাচ্ছিল। ঘটনার পর ঢাকা-চট্টগ্রাম, চট্টগ্রাম-সিলেট, নোয়াখালী-ঢাকা ও নোয়াখালী-সিলেট রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।