এক সপ্তাহের জন্য ঢাকা-চট্টগ্রাম রেলপথে বিশেষ একজোড়া আন্তনগর ট্রেন চালু করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। গতকাল শনিবার দুপুর ১২টায় চট্টগ্রাম স্টেশন থেকে এই ট্রেনটি যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হয়। গতকাল রাত ১২টায় আবার ট্রেনটি যাত্রী নিয়ে ঢাকা থেকে চট্টগ্রামে যাত্রা করার কথা ছিল। মেঘনা এবং মেঘনা-গোমতী (দাউদকান্দি) সেতুর মেরামতকাজ গতকাল শনিবার রাত ১২টায় শুরু হয়েছে। এক সপ্তাহ ধরে প্রতিদিন রাত ১২টা থেকে পরদিন ভোর ছয়টা পর্যন্ত ছয় ঘণ্টা এই দুটি সেতুর মেরামতকাজ চলবে। মেরামত চলাকালীন সেতু দুটির ওপর দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ থাকবে। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) বিকল্প হিসেবে রাতের বেলায় ছয়টি নতুন পথে গাড়ি চলাচলের পরামর্শ দিয়েছে। কুমিল্লার ময়নামতি হয়ে ব্রাহ্মণবাড়িয়া সরাইল দিয়ে বিকল্প পথগুলোর কথা উল্লেখ করেছে বিআরটিএ। এদিকে, গতকাল রাত ১২টা থেকে ছয় ঘণ্টার জন্য যান চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত হওয়ায় রেলওয়ে কর্তৃপক্ষ গতকাল থেকে এক সপ্তাহের জন্য একজোড়া বিশেষ আন্তনগর ট্রেন চালু করেছে। এই ট্রেনে দুটি প্রথম শ্রেণী এবং বাকি ১০টি শোভন চেয়ার ও শোভন শ্রেণীর বগি রয়েছে। ট্রেনে মোট আসনসংখ্যা ৬১৪টি। যাত্রীদের চাহিদা সাপেক্ষে দাঁড়িয়ে যাওয়ার টিকিটও ছাড়া হবে। আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত চলবে বিশেষ আন্তনগর ট্রেন।রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান পরিচালন কর্মকর্তা মো. বেলাল উদ্দীন বলেন, বিশেষ আন্তনগর ট্রেন ফেনী, কুমিল্লা ও ঢাকা বিমানবন্দর স্টেশনে তিন মিনিট করে যাত্রাবিরতি করবে। চট্টগ্রাম থেকে ঢাকায় পৌঁছার পরিচালন সময় সাত ঘণ্টা এবং চট্টগ্রামে ফেরার সময় সাত ঘণ্টা ৪০ মিনিট ধরা হয়েছে। যাত্রার প্রথম দিনেই শনিবার চট্টগ্রাম স্টেশনে ৫৬০টি টিকিট বিক্রি হয়েছে।