কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম ও চট্টগ্রাম-সিলেট রেলপথে গতকাল বৃহস্পতিবার সাড়ে তিন ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকার পর আবার স্বাভাবিক হয়েছে।
কুমিল্লার বুড়িচং উপজেলার রাজাপুর রেলস্টেশনের অদূরে ঢাকা থেকে চট্টগ্রামগামী কনটেইনারবাহী একটি ট্রেনের চারটি চাকা লাইনচ্যুত হয়। এতে গতকাল বেলা ১১টা পাঁচ মিনিট থেকে দুইটা ৪৫ মিনিট পর্যন্ত ওই দুটি রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় বৃষ্টির কারণে যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন।
এ দুর্ঘটনার কারণে চট্টগ্রাম থেকে ঢাকাগামী মহানগর প্রভাতী কুমিল্লা রেলস্টেশনে ও ঢাকা থেকে চট্টগ্রামগামী মহানগর প্রভাতী কসবা স্টেশনে এবং চট্টগ্রাম থেকে সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি লাকসাম জংশনে আটকা পড়ে।
পরে লাকসাম জংশন থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত ট্রেনটি উদ্ধার করে। এরপর বিকেল দুইটা ৪৫ মিনিটে ওই পথে ট্রেন চলাচল আবার স্বাভাবিক হয়।
কুমিল্লা রেলস্টেশনের স্টেশনমাস্টার মোহাম্মদ হোসেন মজুমদার প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেন।