ঢাকা-চট্টগ্রাম লাইনে ট্রেন চলাচল শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগি লাইনচ্যুত হওয়ায় দুই ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকা-চট্টগ্রাম রেললাইনে আজ রোববার বেলা দুইটা থেকে ট্রেন চলাচল শুরু হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার তালশহর রেলস্টেশন এলাকায় নোয়াখালী থেকে ছেড়ে আসা ঢাকাগামী উপকূল এক্সপ্রেস ট্রেনের শেষের দুটি বগি আজ দুপুর ১২টার দিকে লাইনচ্যুত হয়।
দুর্ঘটনার পর ঢাকা-চট্টগ্রাম রেললাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশন এলাকায় আটকা পড়ে ঢাকাগামী মহানগর প্রভাতী ট্রেনটি।
ঘটনার পর লাইনচ্যুত বগি দুটি উদ্ধারে আখাউড়া থেকে উদ্ধারকারী একটি ট্রেন ঘটনাস্থলে আসে। বেলা দুইটা নাগাদ উদ্ধারকাজ শেষ হয়।
ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনের স্টেশনমাস্টার শামসুল আলম প্রথম আলোকে বলেন, উদ্ধারকাজ শেষে বেলা দুইটার দিকে আটকা পড়া মহানগর প্রভাতী ট্রেনটি ঢাকার উদ্দেশে ব্রাহ্মণবাড়িয়া ছেড়েছে। ঢাকা-চট্টগ্রাম রেললাইনে এখন ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।