ঢাকা-চট্টগ্রাম সড়ক ও শিমুলিয়া কাওড়াকান্দি ঘাটে যানজট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টানা দ্বিতীয় দিনের মতো গতকাল শনিবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার মেঘনা নদী থেকে গোমতী সেতু পর্যন্ত ১৩ কিলোমিটারজুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। সন্ধ্যার পর পণ্যবাহী ট্রাক চলাচল শুরু হওয়ায় যানজটের মাত্রা আরও বেড়ে যায়।
একই অবস্থা ঢাকা-খুলনা মহাসড়কের শিমুলিয়া-কাওড়াকান্দি নৌপথের উভয় ঘাটে।
গজারিয়ার ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই মমিনুল হক বলেন, ভবেরচর ফাঁড়ি ও গজারিয়া থানার পুলিশ যৌথভাবে যানজট নিয়ন্ত্রণে কাজ করছে। মহাসড়কে যানবাহনের চাপের কারণে গাড়ির গতি কমে যাওয়া ও বিপরীতমুখী গাড়ির কারণে যানজট নিয়ন্ত্রণে সমস্যা হচ্ছে।
এদিকে গাড়ির চাপের কারণে গতকাল শনিবার সকাল থেকে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে গাড়ির লম্বা লাইন সৃষ্টি হয়। তবে মাদারীপুরের শিবচরে কাওড়াকান্দি ঘাটের চেয়ে শিমুলিয়া ঘাটে গাড়ির চাপ ছিল বেশি। উভয় ঘাট ছোট, বড় ও মাঝারি মিলে প্রায় ছয় থেকে সাড়ে ছয় শ গাড়ি যানজটে আটকা পড়ে।