ঢাকা-চট্টগ্রাম-সিলেট রুটে ট্রেন চলাচল বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার পাঘাচং রেলস্টেশন এলাকায় আজ রোববার বেলা সোয়া দুইটার দিকে সিলেট থেকে ছেড়ে আসা জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের ছয়টি বগি লাইনচ্যুত হয়েছে। বিকেল চারটার দিকে শেষ খবর পাওয়া পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম-সিলেট রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

পাঘাচং রেলস্টেশনের মাস্টার মোস্তফা মিয়া প্রথম আলোকে জানান, জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের ১১টি বগির মধ্যে পেছনের দিকের ছয়টি লাইনচ্যুত হয়েছে। রেললাইনে ত্রুটি থাকার কারণে এমনটি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এতে ঢাকা-চট্টগ্রাম-সিলেট ও চট্টগ্রাম-ঢাকা রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ট্রেনটি উদ্ধারের জন্য আখাউড়া রেলস্টেশন থেকে উদ্ধারকারী একটি ট্রেন ঘটনাস্থলে পৌঁছেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বেলা সোয়া দুইটার দিকে সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনটি পাঘাচং রেলস্টেশন পার হওয়ার পরই ট্রেনের পেছনের দিকের ছয়টি বগি লাইনচ্যুত হয়। এ সময় ট্রেন থেকে দ্রুত নামতে গিয়ে কয়েকজন যাত্রী আহত হয়েছেন।

আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসিন ফারুক বলেন, বিষয়টি নাশকতা কি না, তা এখনো নিশ্চিত নন। তাঁরা বিষয়টি তদন্ত করছেন।

ঘটনাস্থলে উপস্থিত ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল আলম বলেন, দুর্ঘটনা যেখানে হয়েছে, তা রেলওয়ে স্টেশনের খুব কাছাকাছি। আশপাশে লোকালয় আছে। এখানে নাশকতার সম্ভাবনা কম।