ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিটি গেট থেকে বারৈয়ারহাট পর্যন্ত ৬৭ কিলোমিটার সড়ক ঈদের আগে জরুরি ভিত্তিতে সংস্কারের দাবি জানিয়েছে কমিউনিস্ট পার্টি। গতকাল শুক্রবার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) চট্টগ্রাম জেলা শাখার নেতারা এ দাবি জানান।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন কমিটির সভাপতি মৃণাল চৌধুরী। জেলা সিপিবির সাধারণ সম্পাদক শাহ আলম ও শ্রমিক নেতা উত্তম চৌধুরী বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। ঈদে মানুষ যাতে নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারে সে জন্য সড়কের বিভিন্ন স্থানের গর্ত ভরাটসহ বেশকিছু সুপারিশ তুলে ধরা হয়।লিখিত বক্তব্যে বলা হয়, ঈদ উপলক্ষে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দিয়ে প্রতিদিন দুই লাখ মানুষ যাতায়াত করবে। কিন্তু অসংখ্য যানবাহনের ভিড়ে দীর্ঘ যানজটে পড়ে মানুষের ঈদের আনন্দ মাটি হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।এতে বলা হয়, সিটি গেট থেকে বারৈয়ারহাট পর্যন্ত ৬৭ কিলোমিটার সড়কে অসংখ্য খানাখন্দ হয়েছে। কিন্তু সড়ক ও জনপথ বিভাগ এই গর্ত সংস্কারে কোনো উদ্যোগ নিচ্ছে না। বড় বড় গর্তে পড়ে প্রতিদিন বিকল হচ্ছে কোনো না কোনো যানবাহন, ঘটছে নানা দুর্ঘটনা। এসব কারণে প্রতিদিন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট দেখা দিচ্ছে। সংবাদ সম্মেলনে ঈদের আগেই মহাসড়কটি সংস্কার, সড়কের ওপর রাখা ট্রাক, লরি ও ভ্রাম্যমাণ দোকান অপসারণের দাবি জানানো হয়। পাশাপাশি সড়কে নিরাপত্তা জোরদারেরও সুপারিশ করা হয়। সংবাদ সম্মেলনে বলা হয়, এসব সুপারিশ বাস্তবায়নের দাবিতে সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে কমিউনিস্ট পার্টি। কর্মসূচির মধ্যে প্রচারপত্র বিতরণ, ট্রাক মিছিল, পথসভা ইত্যাদি রয়েছে।