ঢাকা-চট্টগ্রামসহ পূর্বাঞ্চলীয় জোনে ট্রেন চলাচল বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদী ও ভৈরবে মালবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ার কারণে ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেট, ভৈরব-ময়মনসিংহসহ পূর্বাঞ্চলীয় জোনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। গতকাল বুধবার বিকেলে নরসিংদী ও একই দিন ভোরে ভৈরবে পৃথক দুর্ঘটনায় ট্রেন চলাচলে এই অচলাবস্থার সৃষ্টি হয়।নরসিংদী ও ভৈরব স্টেশনমাস্টার কার্যালয় থেকে জানানো হয়, গতকাল ঢাকা থেকে ছেড়ে আসা মালবাহী ট্রেনটি চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে আসে। ট্রেনটি বিকেল সোয়া পাঁচটার দিকে নরসিংদীর ঘোড়াশাল স্টেশনের কাছে আসামাত্র দুটি বগি লাইনচ্যুত হয়। চালক বিষয়টি বুঝতে পেরে ট্রেনটি দ্রুত থামিয়ে দেন। দুর্ঘটনার পর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন এসে উদ্ধারকাজ শুরু করে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত (গতকাল রাত আটটা ৩০ মিনিট) উদ্ধারকাজ শেষ হয়নি।দুর্ঘটনার কারণে আশপাশের কয়েকটি স্টেশনে বেশ কয়েকটি আন্তনগর, মেইল ও লোকাল ট্রেন আটকা পড়ে। এ কারণে অসংখ্য যাত্রীকে দুর্ভোগ পোহাতে হয়।নরসিংদী স্টেশনমাস্টার মরণ দাস জানান, দুর্ঘটনায় মালবাহী ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়। উদ্ধারকাজ চলছে। তবে কখন থেকে লাইন ট্রেন চলাচলের উপযোগী করা যাবে, তা তিনি নিশ্চিত করে বলতে পারেননিএকই দিন ভোরে ভৈরব স্টেশনের কাছে লাইনচ্যুত হয়েছে অপর একটি মালবাহী ট্রেন। ট্রেনটি চট্টগ্রাম থেকে ছেড়ে আসে। গন্তব্য ছিল ময়মনসিংহ। ট্রেনটি ভোর সাড়ে পাঁচটার দিকে ভৈরব স্টেশন অতিক্রম করার পর সাতটি বগি লাইনচ্যুত হয়। এরপর ভৈরব থেকে ময়মনসিংহ-পথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ঢাকা ও আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন এসে উদ্ধারকাজ শুরু করে। তবে রাত সাড়ে আটটা পর্যন্ত লাইন ট্রেন চলাচলের উপযোগী হয়নি।ভৈরব স্টেশনমাস্টার আবদুল মোতালিব জানান, উদ্ধারকাজ চলছে।