মাদক চোরাকারবারিদের অবৈধভাবে ট্রেন থামানোর চেষ্টার কারণে চট্টগ্রাম থেকে ঢাকাগামী আন্তনগর ‘তূর্ণা নিশিথা’ ট্রেনটির এক কামরার সঙ্গে অন্য কামরার সংযোগস্থল ভেঙে আলাদা হয়ে পড়ে। গতকাল শুক্রবার ভোর চারটার দিকে আখাউড়া রেলজংশনের দক্ষিণ পাশের বড় বাজার রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে। এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে বলে জানা গেছে।তবে চট্টগ্রামের সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল দুই ঘণ্টারও বেশি সময় বন্ধ থাকে। ভোর সোয়া ছয়টার দিকে আখাউড়া থেকে একটি অতিরিক্ত ইঞ্জিন দিয়ে ট্রেনটিকে চালানো হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে রেলওয়ে পুলিশ ট্রেনের ছাদ থেকে ৪০ বোতল ফেনসিডিলসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। আখাউড়া জংশনের প্রধান ট্রেন পরীক্ষক প্রকৌশলী শ্রীপদ দত্ত বলেন, ট্রেনটি স্টেশনে ঢুকছিল বলে গতি কম ছিল। তা না হলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা ছিল। আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহাবুদ্দিন বলেন, গ্রেপ্তারকৃতরা হলেন আখাউড়ার নারায়ণপুর গ্রামের মো. মাসুদ মিয়া (২৪) ও পৌরশহরের তারাগন গ্রামের মো. মানিক মিয়া (৩২)। তাঁদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।