ঢাকা-চট্টগ্রামে ব্যাটারিচালিত রিকশার সুযোগ নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা ও চট্টগ্রাম মহানগরে ব্যাটারিচালিত রিকশা পরিচালনার লাইসেন্স দেওয়ার নির্দেশনা চেয়ে করা রিট আবেদন খারিজ (রুল ডিসচার্জ) করেছেন হাইকোর্ট।

আজ বৃহস্পতিবার বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মো. খুরশীদ আলম সরকার সমন্বয়ে গঠিত হাইকোর্ট এ রায় দেন।

এতে ঢাকা ও চট্টগ্রাম শহরে ব্যাটারিচালিত রিকশা বৈধভাবে চালানোর সুযোগ নেই বলে জানিয়েছেন সিটি করপোরেশনের আইনজীবীরা।

ব্যাটারিচালিত রিকশা চলাচল করতে লাইসেন্স প্রদানে নির্দেশনা চেয়ে পৃথক রিট করা হয়। প্রাথমিক শুনানির পর আদালত রুল জারির পাশাপাশি অন্তর্বর্তীকালীন নির্দেশ দেন।

আইনজীবী সূত্র জানায়, রুলে লাইসেন্সের বিষয়ে সিটি করপোরেশনের কাছে করা দরখাস্তগুলো কেন নিষ্পত্তি করা হবে না, তা জানতে চাওয়া হয়। একই সঙ্গে দরখাস্তগুলো নিষ্পত্তি না হওয়া পর্যন্ত চলাচলে বাধা প্রদান না করতে নির্দেশ দেওয়া হয়। পৃথক রুলের ওপর শুনানি শেষে আদালত রুল খারিজ করে রায় দেন।

আদালতে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের পক্ষে ছিলেন আইনজীবী রুহুল কুদ্দুস, তৌফিক ইনাম ও নাজমুল হক। রিট আবেদনকারীদের পক্ষে ছিলেন আইনজীবী শফিক মাহমুদ।

চট্টগ্রাম মহানগর পুলিশের পক্ষে ছিলেন আইনজীবী মহিউদ্দিন শামীম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. আলামিন সরকার।

পরে সিটি করপোরেশনের আইনজীবী তৌফিক ইনাম সাংবাদিকদের বলেন, আদালতের নির্দেশের পর সিটি করপোরেশন লাইসেন্স-সংক্রান্ত আবেদনগুলো খারিজ করে দেন। ট্রাফিক কন্ট্রোল অ্যান্ড পাবলিক ভেইকেল বাই লজ-১৯৭৩ অনুসারে ব্যাটারিচালিত রিকশার অনুমতি দেওয়ার সুযোগ নেই। আদালত চারটি রিট আবেদন খারিজ করে দিয়েছেন। এতে ঢাকা ও চট্টগ্রাম মহানগরে ব্যাটারিচালিত রিকশাগুলো বৈধভাবে চলার সুযোগ নেই।